গণ-অভ্যুত্থান দিবস ২০২৬’ উদযাপনকে কেন্দ্র করে রাজধানীসহ সারা দেশে ব্যাপক নিরাপত্তামূলক প্রস্তুতি গ্রহণ করেছে র্যাব।মঙ্গলবার বাহিনীর পক্ষ থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কঠোর সতর্কাবস্থার কথা জানানো হয়। রাষ্ট্রের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সম্ভাব্য অপরাধ দমনে র্যাব পেশাদারিত্বের সঙ্গে তাদের নিয়মিত কার্যক্রম চালিয়ে যাচ্ছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অপরাধীদের শনাক্তকরণ ও যেকোনো প্রকার সহিংসতা প্রতিহত করতে বাহিনীটির সদস্যরা সর্বক্ষণ তৎপর রয়েছেন।
র্যাব কর্তৃপক্ষ জানিয়েছে, জুলাই গণ-অভ্যুত্থান দিবসকে কেন্দ্র করে কোনো উগ্রবাদী সংগঠন, নিষিদ্ধ গোষ্ঠী কিংবা রাষ্ট্রবিরোধী মহল যেন জননিরাপত্তা বিঘ্নিত করতে না পারে, সেজন্য বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বাহিনী, বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও স্থানীয় প্রশাসনের সঙ্গে নিবিড় সমন্বয় নিশ্চিত করা হয়েছে। এছাড়া বাহিনীর প্রতিটি ব্যাটালিয়ন নিজ নিজ এলাকার নিরাপত্তা ঝুঁকি বিশ্লেষণ করে আলাদা পরিকল্পনা সাজিয়েছে। নজরদারি ও তথ্য সংগ্রহের জন্য তৃণমূল পর্যায়ে কন্টাক্ট পারসন ও সোর্স নিয়োগ করা হয়েছে।
বিশেষ এই দিবসের কর্মসূচিগুলোকে কেন্দ্র করে ৪ আগস্ট রাত থেকেই অনুষ্ঠানস্থল, রোডমার্চ ও পদযাত্রার নির্ধারিত পথ এবং জুলাই স্মৃতিস্তম্ভ এলাকাগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা বলবৎ করা হয়েছে। র্যাবের নিজস্ব ইউনিফর্মধারী সদস্যদের পাশাপাশি স্পর্শকাতর স্থানগুলোতে সাদা পোশাকে গোয়েন্দা তৎপরতা কয়েক গুণ বাড়ানো হয়েছে। নাশকতার ঝুঁকি এড়াতে এবং নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতা রুখতে অনুষ্ঠানগুলোর এক সপ্তাহ আগে থেকেই নিবিড় পর্যবেক্ষণ নিশ্চিত করা হয়েছে।
একই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য বা গুজব ছড়িয়ে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা রোধ করতে সাইবার পেট্রোলিং জোরদার করেছে র্যাব। ডিজিটাল প্লাটফর্মে রাষ্ট্রবিরোধী যেকোনো ধরনের অপপ্রচার বন্ধে বাহিনীটি বিশেষ নজর রাখছে। র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে পুনর্ব্যক্ত করা হয়েছে যে, জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে সকল নাগরিকের জানমালের সুরক্ষা নিশ্চিত করা এবং যেকোনো অপরাধী চক্রকে আইনের আওতায় আনতে র্যাব ফোর্সেস পূর্ণ অঙ্গীকারবদ্ধ।
amardesh24.com








