চলচ্চিত্রের জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী গাঙ্গুলী রুপালি পর্দায় তাদের একসঙ্গে দেখা মানেই ভক্তদের বাড়তি উচ্ছ্বাস। ঠিক এক বছর আগে বহুল প্রতীক্ষিত ‘ধুমকেতু’ ছবির ট্রেলার উন্মোচনের মধ্য দিয়ে সেই উচ্ছ্বাস নতুন মাত্রা পেয়েছিল। ট্রেলার প্রকাশের এক বছর পূর্তিতে সেই স্মৃতি আবারও ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন এই দুই তারকা।
২০১৫ সালে নির্মিত হলেও নানা জটিলতার কারণে দীর্ঘদিন মুক্তি পায়নি ‘ধুমকেতু’। অবশেষে গত বছর নেতাজি ইনডোর স্টেডিয়ামে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ছবিটির ট্রেলার প্রকাশ করা হয়। নাচ, গান ও আড্ডায় মুখর সেই অনুষ্ঠানকে ঘিরে তৈরি হয়েছিল উৎসবের আবহ।
বিশেষ দিনটির স্মরণে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভশ্রীর সঙ্গে কয়েকটি রোমান্টিক ছবি প্রকাশ করেছেন দেব। ক্যাপশনে তিনি লিখেছেন, এক বছর আগে বাংলা সিনেমা একটি ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়েছিল। তার ভাষায়, ‘ধুমকেতু’র ট্রেলার উন্মোচন শুধু একটি অনুষ্ঠান ছিল না, এটি ছিল বাংলা সিনেমার ইতিহাসের সবচেয়ে বড় আয়োজন। এ আয়োজন সফল করতে যারা পাশে ছিলেন, তাদের সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান তিনি।
দেব আরও বলেন, দেব-শুভশ্রী জুটির প্রতি দর্শকের ভালোবাসা আজও অটুট রয়েছে। সেই ভালোবাসা ও বিশ্বাস ধরে রাখার প্রতিশ্রুতি দিয়ে তিনি জানান, ভক্তদের আস্থা কখনও ভঙ্গ করবেন না এবং তাদের নিরাশও করবেন না।
একই পোস্ট নিজের সামাজিক যোগাযোগমাধ্যমেও শেয়ার করেছেন শুভশ্রী গাঙ্গুলী।
শুধু স্মৃতিচারণেই সীমাবদ্ধ থাকেননি দেব। ভক্তদের জন্য দিয়েছেন নতুন সুখবরও। ‘ধুমকেতু’র পর আবারও একসঙ্গে পর্দায় ফিরছেন দেব ও শুভশ্রী। তাদের নতুন ছবি ‘দেশু ৭’ এ অভিনয়ের পাশাপাশি পরিচালনার দায়িত্বও পালন করবেন দেব।
নতুন এই ছবিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করবেন অনির্বাণ ভট্টাচার্য। ইতোমধ্যেই ছবিটির দৃশ্যধারণের কাজ পুরোদমে শুরু হয়েছে।
amardesh24.com









