নিজস্ব প্রতিবেদক: মিজান মোল্লা।
রাজধানীর নাখালপাড়ার একটি আবাসিক বাসা থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ।
আজ বৃহস্পতিবার দুপুরে পূর্ব নাখালপাড়ার ৩০০/বি নম্বর বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য নিহত নারীর স্বামী আরিফ ও তাঁর স্কুলপড়ুয়া দুই ছেলেকে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় নিয়ে গেছে পুলিশ।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, তাৎক্ষণিকভাবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যায়নি। নিহতের গ্রামের বাড়ি দিনাজপুর জেলায় বলে জানিয়েছেন তাঁর শাশুড়ি ও দেবর। স্বজনদের দাবি, ওই নারী দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন।
তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ জানায়, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে। ঘটনার প্রকৃত তথ্য জানতে পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ময়নাতদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ স্পষ্ট হবে।
amardesh24.com









