পল্লবী থানাধীন মিরপুর-১১ নম্বরের মিল্লাত ক্যাম্প এলাকায় দুর্বৃত্তদের গুলিত আলমগীর (৪৫) নামে এক বিএনপি নেতা গুরুতর আহত হয়েছেন। তিনি ঢাকা জেলা নবাবগঞ্জ থানা বিএনপির সদস্য এবং পেশায় একজন মাছ ব্যবসায়ী।গতকাল বিকেল সাড়ে ৫টার দিকে মিল্লাত ক্যাম্পের সামনে এ হামলার ঘটনা ঘটে। এতে ঘটনাচক্রে রাজিয়া নামের এক পথচারী নারীও আহত হন।
আহতের পারিবারিক সূত্রে জানা যায়, বিকেলে মিল্লাত ক্যাম্পের সামনে অবস্থানকালে একটি প্রাইভেটকারে এসে চারজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি হঠাৎ আলমগীরকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। হামলা চালিয়ে দুর্বৃত্তরা দ্রুত স্থান ত্যাগ করে। গুলিতে আলমগীরের মাথার ডান দিক, পেটের ডান পাশে এবং নিতম্বে গুরুতর আঘাত লাগে।
আশঙ্কাজনক অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ইসলামিয়া হাসপাতালে নিয়ে যান। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। পূর্বশত্রুতা কিংবা রাজনৈতিক বিরোধের কারণে এ হামলার ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছেন নিহতের স্বজনরা।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাথায় ও শরীরে একাধিক গুলির আঘাত নিয়ে এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।
amardesh24.com









