কাজী জাহাঙ্গীর: চট্রগ্রাম।
চট্টগ্রামে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও জ্বালানি না পেয়ে সড়ক অবরোধ করেছেন সিএনজিচালিত অটোরিকশার চালকরা, আজ শুক্রবার ভোরে নগরের ষোলশহর এলাকায় শত শত চালক সড়কে অবস্থান নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।
এই অবরোধের ফলে মুরাদপুর থেকে ২ নম্বর গেট প্রধান সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং সব ধরনের যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। ওই এলাকার ফসিল ফিলিং স্টেশনের সামনে গ্যাসের আশায় শত শত সিএনজি অটোরিকশার দীর্ঘ সারি দেখা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চালকদের সরিয়ে দেওয়ার চেষ্টা চালায়।
বিক্ষুব্ধ চালকদের অভিযোগ, এক দিনেরও বেশি সময় ফিলিং স্টেশনের সামনে অপেক্ষা করেও মিলছে না গ্যাস। কখন পরিস্থিতি স্বাভাবিক হবে, তা নিয়ে স্টেশন কর্তৃপক্ষ স্পষ্ট কোনো তথ্য দিতে পারছে না। ফলে গাড়ি চালানো বন্ধ থাকায় দৈনিক জমা ও সংসার চালানো নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন তারা।
ফিলিং স্টেশন কর্তৃপক্ষের দাবি, জাতীয় গ্রিড থেকে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় পাম্প চালু রাখা সম্ভব হচ্ছে না। সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত সিএনজি দেওয়া সম্ভব নয়।
এদিকে শহরের বেশিরভাগ পাম্পে একই চিত্র তৈরি হওয়ায় রাস্তায় অটোরিকশার সংখ্যা কমে গেছে, যার মাশুল গুনতে হচ্ছে সাধারণ যাত্রীদের। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহেদুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থেকে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
amardesh24.com









