সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়াকে কেন্দ্র করে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তাঁর মেয়ের জামাতা, বিশিষ্ট লেখক ও গবেষক ফাহাম আবদুস সালাম। মির্জা ফখরুলের এই অর্জনকে নিজের জন্য একই সঙ্গে আনন্দও হতাশার বিষয় হিসেবে অভিহিত করার পাশাপাশি তাঁকে পরিবারের ‘দায়িত্বশীল বড় ছেলে’ বলেও আখ্যায়িত করেছেন তিনি।
শুক্রবার ভোররাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ পোস্টে ফাহাম এই অভিব্যক্তি প্রকাশ করেন। মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়ে নিজের দীর্ঘদিনের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা তুলে ধরেন তিনি।
ফাহাম জানান, দীর্ঘ ২২ বছর ধরে মির্জা ফখরুলকে চেনার সুযোগে তাঁর মধ্যে অনন্য এক দায়িত্ববোধ প্রত্যক্ষ করেছেন। যেকোনো পরিস্থিতিতে দেশের ও মানুষের জন্য নিজেকে নিয়োজিত রাখাই তাঁর মূল লক্ষ্য বলে মন্তব্য করেন তিনি। রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে ফাহাম উল্লেখ করেন, সাবেক বিএনপি চেয়ারপার্বেসন মরহুমা বেগম খালেদা জিয়ার মুক্তি ও দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য মির্জা ফখরুল নিরলসভাবে কাজ করে গেছেন।
বিএনপির তরুণ কর্মীদের মধ্যে মির্জা ফখরুলকে ‘বাংলাদেশের মহাসচিব’ হিসেবে অভিহিত করার যে প্রবণতা রয়েছে, তাতে সত্যতা রয়েছে বলে ফাহাম মনে করেন। তাঁর মতে, মির্জা ফখরুল যেকোনো দলের ভাবনার আগে সামগ্রিক বাংলাদেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে থাকেন।
মির্জা ফখরুলের রাষ্ট্রপতি হওয়ার বিষয়ে ফাহাম বলেন, এটি অত্যন্ত আনন্দের যে একজন অভিভাবকতুল্য যোগ্য মানুষকে রাষ্ট্রপতি নির্বাচিত করা হয়েছে। তবে একই সাথে এটি হতাশার, কারণ দলীয় রাজনীতি ও দেশের সার্বিক প্রেক্ষাপটে স্বীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে কাজ করতে পারা এমন একজন নেতার বিকল্প খুঁজে পাওয়া কঠিন। দলমত নির্বিশেষে সাধারণ মানুষের সম্মান ও শুভকামনা অর্জনেও মির্জা ফখরুল এক ব্যতিক্রমী উদাহরণ বলে পোস্টে উল্লেখ করা হয়।
amardesh24.com









