বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে রাশিয় আজ রোববার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, ইউক্রেন রাশিয়ার বেসামরিক অবকাঠামোতে হামলা চালিয়েছে। এর জবাব হিসেবে ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হবে।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, ইউক্রেনের যুদ্ধাস্ত্র ও অন্যান্য অবকাঠামো লক্ষ্য করে রাতভর রুশ হামলা অব্যাহত ছিল।এর আগে শনিবার রাতে কিয়েভে একটি অস্ত্রের গুদামে ড্রোন হামলা চালায় রাশিয়া। গুদামে বিস্ফোরক থাকায় হামলার পর সেখানে বড় ধরনের বিস্ফোরণ ঘটে। এতে অন্তত ৩৭ জন নিহত এবং অসংখ্য মানুষ আহত হয়েছেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, রাশিয়ার একটি ড্রোন ওই গুদামে আঘাত হানে। এর পর সেখানে বিস্ফোরণ ঘটে এবং আশপাশের এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
পরে জেলেনস্কি বলেন, ওই বেসামরিক এলাকায় বিস্ফোরক থাকার কথা ছিল না, তারপরও সেখানে এসব বিস্ফোরক রাখা হয়েছিল। বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ও কিয়েভে হামলার বিষয়টি নিশ্চিত করেছে। তাদের দাবি, কিয়েভের একটি অস্ত্র গুদাম লক্ষ্য করে হামলা চালানো হয়। ওই গুদামে ড্রোন উৎপাদনের উপকরণ ছিল।
গত কয়েক দিন ধরে কিয়েভে হামলার তীব্রতা বাড়িয়েছে রাশিয়া। রুশ কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, ইউক্রেন রাশিয়ার বাণিজ্যিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালানোর পর পাল্টা ব্যবস্থা হিসেবে মস্কোও বাণিজ্যিক অবকাঠামোতে হামলা চালাচ্ছে।
amardesh24.com









