বাংলাদেশের সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদের বর্তমান অবস্থান জানতে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সহযোগিতা চেয়েছ বাংলাদেশ পুলিশ।গতকাল বুধবার পুলিশ সদর দপ্তরের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) থেকে ই-মেইলের মাধ্যমে ইন্টারপোলের কাছে এ বিষয়ে তথ্য চাওয়া হয়।
গণমাধ্যমে বেনজীর আহমেদ দুবাই থেকে কারামুক্তির পর ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র সেন্ট লুসিয়ায় গেছেন, এমন খবর প্রকাশের পর তাঁর অবস্থান নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খন্দকার রফিকুল ইসলাম বলেন, ‘আজকেই ইন্টারপোলের কাছে একটি ই-মেইল পাঠানো হয়েছে। এতে সাবেক আইজিপি বেনজীরের অবস্থান সম্পর্কে তথ্য জানতে চাওয়া হয়েছে। সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের সত্যতাও নিশ্চিত হওয়া প্রয়োজন।’
গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, কারামুক্তির পর গত ১৭ আগস্ট দুবাই থেকে সেন্ট লুসিয়ায় যান বেনজীর। তাঁর কাছে দেশটির পাসপোর্ট রয়েছে এবং সেখানে যৌথ বিনিয়োগও রয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। সেন্ট লুসিয়ার গ্রোস আইসলেট এলাকায় তাঁর একটি ফ্ল্যাট রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৭ জুলাই দুবাইয়ের একটি আদালত থেকে জামিন পান বেনজীর। আইনি প্রক্রিয়া শেষে ৩০ জুলাই তিনি কারামুক্ত হন।
এর আগে বাংলাদেশ সরকারের পাঠানো প্রত্যর্পণসংক্রান্ত নথি ও আইনি প্রক্রিয়া নিয়ে দুবাইয়ের আদালতে উভয় পক্ষের শুনানি হয়। শুনানি শেষে আদালত শর্তসাপেক্ষে তাঁকে জামিন দেন।বেনজীরের জামিন ও কারামুক্তির জন্য ইউরোপে অবস্থানরত আওয়ামী লীগের একাধিক নেতা দুবাইয়ে বিভিন্ন মাধ্যমে তদবির করেন বলেও সংশ্লিষ্ট সূত্রের দাবি।
দুবাইয়ের আদালত থেকে তাঁর জামিন ও কারামুক্তির খবর পাওয়ার পর বাংলাদেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও তৎপর হয়। মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে দুবাই পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলেও ইতিবাচক সাড়া পাওয়া যায়নি বলে সূত্র জানিয়েছে।
সূত্রের দাবি, জামিন পাওয়ার পর বেনজীর দুবাই থেকে অপেক্ষাকৃত নিরাপদ কোনো দেশে যাওয়ার চেষ্টা করেন। স্পেনসহ কয়েকটি দেশে যাওয়ার বিষয়টি বিবেচনা করলেও সুযোগ-সুবিধা ও নিরাপত্তার দিক বিবেচনায় শেষ পর্যন্ত সেন্ট লুসিয়াকে বেছে নেন তিনি।
মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি বেনজীর আহমেদের অবস্থান নিয়ে বিভিন্ন তথ্য প্রকাশের পর তা নিশ্চিত করতেই ইন্টারপোলের কাছে তথ্য চেয়েছে বাংলাদেশ পুলিশ। এখন ইন্টারপোলের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তাঁর বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
amardesh24.com









