স্পোর্টস ডেস্ক।
বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর ২০২৬-এর চূড়ান্ত আয়োজনের তারিখ ও ভেন্যু ঘোষণাকরা হয়েছে। আগামী ২৬ অক্টোবর জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ফুটবল ইতিহাসের ৭০তম ব্যালন ডি’অর ট্রফি তুলে দেওয়া হবে বছরের সেরা ফুটবলারের হাতে।
প্রতিবছর সাধারণত ফ্রান্সের প্যারিসে ব্যালন ডি’অর অনুষ্ঠান অনুষ্ঠিত হলেও এবার ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে যুক্তরাজ্যের লন্ডনকে। ফুটবল ইতিহাসের প্রথম ব্যালন ডি’অর জয়ী কিংবদন্তি স্যার স্ট্যানলি ম্যাথিউসকে বিশেষ সম্মান জানাতেই এবারের আয়োজন লন্ডনে করা হচ্ছে।
ইয়াহু স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে পুরুষ ও নারী বিভাগের চূড়ান্ত মনোনয়নপ্রত্যাশীদের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা। আগামী ২৬ অক্টোবর লন্ডনের ঐতিহ্যবাহী একটি মিলনায়তনে স্থানীয় সময় রাত ৮টায় মূল অনুষ্ঠান শুরু হওয়ার কথা রয়েছে।
সেরা খেলোয়াড় নির্বাচনে আন্তর্জাতিক পর্যায়ের সাংবাদিক ও ফুটবল বিশেষজ্ঞদের নিয়ে গঠিত একটি প্যানেল ভোট দেবে। খেলোয়াড়দের ব্যক্তিগত পারফরম্যান্স, দলীয় সাফল্য এবং মাঠের আচরণ ও ফেয়ার প্লেকে গুরুত্ব দিয়ে এই ভোট অনুষ্ঠিত হবে।
ব্যালন ডি’অরের ৭০তম বার্ষিকী উপলক্ষে এবারের আয়োজনে থাকছে বাড়তি আকর্ষণ। নারী ও পুরুষ বিভাগের সেরা খেলোয়াড়ের পাশাপাশি মৌসুমের সেরা উদীয়মান খেলোয়াড়, সেরা গোলরক্ষক, সেরা কোচ ও সেরা ক্লাবকেও পুরস্কৃত করা হবে।
amardesh24.com









