বিনোদন ডেস্ক।
চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ইতালি গিয়ে পরিবারের সদস্যসহ অনাকাঙ্ক্ষিত হামলার শিকার হয়েছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। স্থানীয় প্রশাসনের সহায়তায় বর্তমানে নিরাপদ আশ্রয়ে থাকলেও এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার বিষয়ে নিজের দৃঢ় অবস্থান প্রকাশ করেছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় নিজের বর্তমান পরিস্থিতি ও শারীরিক অবস্থার কথা তুলে ধরেন বাঁধন। তিনি জানান, পুলিশের সহযোগিতায় তিনি ও তাঁর পরিবার সম্পূর্ণ নিরাপদ রয়েছেন। এ কঠিন সময়ে যারা পাশে দাঁড়িয়েছেন ও খোঁজ নিয়েছেন, তাঁদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এই অভিনেত্রী।
ভিডিও বার্তায় বাঁধন বলেন, বাংলাদেশের রাজনৈতিক পরিচয়ে একদল সন্ত্রাসী আমার ও আমার পরিবারের ওপর এই ন্যক্কারজনক হামলা চালায়। অন্যায়ের কাছে মাথা নত করা আমি কখনো শিখিনি, আমাকে এত সহজে দমানো সম্ভব নয়।
তিনি আরও জানান, ভেনিসের স্থানীয় পুলিশ তাঁকে সর্বোচ্চ সহযোগিতা করেছে এবং ইতালিভিত্তিক বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত ও কর্মকর্তারা তাঁর সঙ্গে যোগাযোগ করে সার্বিক সহায়তা প্রদান করছেন।
অভিযুক্তদের শনাক্ত করার মতো প্রয়োজনীয় প্রমাণ রয়েছে উল্লেখ করে বাঁধন জানান, রাষ্ট্রদূত কার্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে তিনি পুলিশ স্টেশনে মামলা দায়ের করতে যাচ্ছেন। ইতোমধ্যে বাংলাদেশের প্রধান উপদেষ্টার কার্যালয় থেকেও তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
জুলাই বিপ্লবে নিজের ভূমিকার কথা উল্লেখ করে এই তারকা বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের পক্ষে অবস্থান নেওয়া ছিল আমার জীবনের অন্যতম সঠিক সিদ্ধান্ত। এ জন্য আমি নিজেকে গর্বিত মনে করি। তবে তাঁর কারণে ছোট ভাই, ভাইয়ের স্ত্রী এবং তিন বছরের শিশু সন্তান হেনস্তার শিকার হওয়ায় গভীর ক্ষোভ ও কষ্ট প্রকাশ করেন তিনি।
আইনি লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করে বাঁধন স্পষ্টভাবে জানান, জড়িতদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে মামলা না করা পর্যন্ত তিনি ভেনিস থেকে দেশে ফিরবেন না এবং ঘটনার শেষ দেখে ছাড়বেন।
amardesh24.com









