নগরের চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান এস এম মনিরুজ্জামানের দায়িত্ব গ্রহণের পর থেকে সাফল্যের গতি দৃশ্যমানভাবে উর্ধ্বমুখী হচ্ছে,দেশের এই প্রধান সমুদ্রবন্দরে পণ্য খালাস ও জাহাজ পরিচালনায় ব্যাপক গতি ফিরে এসেছে, যার বিস্তারিত চিত্র সম্প্রতি জাতীয় সংসদে তুলে ধরেছেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
গতকাল সোমবার জাতীয় সংসদে চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর সম্পূরক প্রশ্নের জবাবে নৌপরিবহনমন্ত্রী জানান, অতীতে চট্টগ্রাম বন্দরে একটি জাহাজকে পণ্য খালাস ও পুনঃলোডিংয়ের জন্য ৮ থেকে ১০ দিন পর্যন্ত অপেক্ষা করতে হতো। বর্তমানে সেই সময় কমে মাত্র দুই দিনে নেমে এসেছে। পণ্য খালাসের জন্য জাহাজকে কোনো প্রকার দীর্ঘ অপেক্ষায় থাকতে হচ্ছে না যাকে তিনি ‘জিরো আওয়ার’ হিসেবে অভিহিত করেছেন।
মন্ত্রী বলেন, বর্তমানে বার্থ বা ডিপ সীতে অবস্থানরত জাহাজগুলো দুই দিনের মধ্যে পণ্য খালাস ও লোড করে ছেড়ে যেতে পারছে। এটি বন্দর ব্যবস্থাপনার ইতিহাসে একটি বড় ধরনের রেকর্ড এবং সক্ষমতা বৃদ্ধির এক গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত।
বন্দরকেন্দ্রিক বাণিজ্যে নতুন গতি
দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের প্রধান প্রবেশদ্বার চট্টগ্রাম বন্দর। শিল্পের কাঁচামাল, ভোগ্যপণ্য, জ্বালানি, মূলধনি যন্ত্রপাতি এবং রপ্তানি পণ্যের বড় অংশই এই বন্দর দিয়ে পরিবাহিত হয়। ফলে জাহাজের অবস্থানকাল কমে আসা সরাসরি সরবরাহ ব্যবস্থা ও বাণিজ্য ব্যয় হ্রাসে বড় প্রভাব ফেলছে।
সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে বন্দরে ৩৫ লাখ ১৮ হাজার ৮৪১ টিইইউ কনটেইনার হ্যান্ডলিং হয়েছে, যা আগের বছরের তুলনায় ৬.৭৬ শতাংশ বেশি। একই সময়ে কার্গো হ্যান্ডলিং হয়েছে প্রায় ১৩ কোটি ৭৭ লাখ ৪০ হাজার টন।
রেকর্ড রাজস্ব ও কনটেইনার ওঠানামা
সংসদে নৌপরিবহনমন্ত্রী উল্লেখ করেন, শুধু চট্টগ্রাম নয়, চট্টগ্রাম ও মোংলা—দুই সমুদ্রবন্দরই বর্তমানে যেকোনো সময়ের চেয়ে রেকর্ড পরিমাণ রাজস্ব আদায় এবং কনটেইনার ওঠানামা করছে। এতে করে সার্বিক সেবা ও কার্যক্ষমতার অভূতপূর্ব বিকাশ ঘটেছে।
এর আগে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বন্দর ব্যবহারকারী ও ব্যবসায়ীদের চার দিনের মধ্যে ইয়ার্ড থেকে পণ্য সরানোর নির্দেশ দিয়েছিলেন।
পতেঙ্গা ও লালদিয়া টার্মিনালে আন্তর্জাতিক মানের পরিচালনা
সংসদে জানানো হয়, পতেঙ্গা কনটেইনার টার্মিনাল বর্তমানে আন্তর্জাতিক মানে পরিচালিত হচ্ছে। এ ছাড়া লালদিয়া কনটেইনার টার্মিনাল পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) পদ্ধতিতে উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। লালদিয়া টার্মিনালে প্রায় ৮০ কোটি মার্কিন ডলারের বিদেশি বিনিয়োগ আসছে, যা বাস্তবায়িত হলে অন্তত ৩ হাজার মানুষের নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে।
উচ্ছেদ হবে বন্দরের দখলকৃত জমি
শাহজাহান চৌধুরীর এক প্রশ্নের উত্তরে নৌপরিবহনমন্ত্রী জানান, বন্দরের কিছু জমি অবৈধ লিজ ও দখলের আওতায় ছিল, যার মধ্যে ইতোমধ্যে কয়েকটি লিজ বাতিল করা হয়েছে এবং দুটি জায়গা উদ্ধার করা হয়েছে। একটি মামলার বিষয়টি আদালতে বিচারধীন রয়েছে। আগামী দুই মাসের মধ্যে চট্টগ্রাম বন্দরের সব জায়গা অবৈধ দখলমুক্ত করার জোরালো প্রত্যয় ব্যক্ত করেন মন্ত্রী।
কর্ণফুলীর নাব্যতা রক্ষায় ড্রেজিং
নৌপরিবহনমন্ত্রী আরও জানান, বন্দরের মূল চালিকাশক্তি কর্ণফুলী নদীর নাব্যতা ধরে রাখতে ক্যাপিটাল ড্রেজিং ও নিয়মিত রক্ষণাবেক্ষণ সারা বছর অব্যাহত রাখা হচ্ছে। এ ছাড়া সারা দেশে বর্তমানে প্রায় সাড়ে ৭ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের মাধ্যমে সচল রাখা হয়েছে এবং আরও ১,২০০ কিলোমিটার নৌপথে কাজ চলছে।
amardesh24.com









