আন্তর্জাতিকবাজারে ডিজেলের চড়া দামের মধ্যে জ্বালানিটির মূল্য কমাতে বড় ঘোষণা দেওয়ার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে দেওয়া বক্তব্যে তিনি আশা প্রকাশ করেছেন, বর্তমানে রেকর্ড পর্যায়ের কাছাকাছি থাকা ডিজেলের দাম শিগগিরই উল্লেখযোগ্যভাবে কমে আসবে।
ট্রাম্প বলেন, ডিজেলের দাম নিয়ে খুব দ্রুতই গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে। তাঁর প্রত্যাশা, অল্প সময়ের মধ্যেই জ্বালানিটির দাম অনেকটা কমে যাবে।
ইরানের পারমাণবিক কর্মসূচি প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, দেশটি যাতে কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, সে ব্যবস্থা নেওয়া হয়েছে। তাঁর মতে, ইরানকে ঘিরে চলমান সংকটের দ্রুত সমাধান হলে জ্বালানির দামও স্বাভাবিক হয়ে আসবে।
বিশ্ববাজারে ডিজেলের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় সম্প্রতি ইউরোপের দেশগুলোর ওপর জরুরি মজুত থেকে ডিজেল বাজারে ছাড়ার জন্য চাপ সৃষ্টি করেছিল ট্রাম্প প্রশাসন।
তবে ডিজেলের দাম কমানোর বিষয়ে ট্রাম্পের সম্ভাব্য ঘোষণার সুনির্দিষ্ট সময়, প্রস্তাবিত পদক্ষেপ কিংবা মূল্য কতটা কমতে পারে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
amardesh24.com









