সাংবাদিক ফারজানা রুপার পক্ষে আইনি লড়াই করতে যুক্তরাজ্যের দুই আইনজীবীকে অনুমতি দেওয়ার আবেদন করা হয়েছে বাংলাদেশ বার কাউন্সিলে। লন্ডনের ডাউটি স্ট্রিট চেম্বারসের আইনজীবী জোনাথন প্রাইস কেসি ও নিকিলা কৌশিককে ট্রাইব্যুনালে মামলা পরিচালনার সুযোগ দিতে এ আবেদন জানানো হয়।
গতকাল ঙ্গলবার সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও ফারজানা রুপার নিয়োজিত কৌঁসুলি ব্যারিস্টার মাহবুব শফিক বার কাউন্সিলের সচিবের কাছে আনুষ্ঠানিক আবেদন জমা দেন।
আবেদনে বলা হয়, ব্রিটিশ আইনজীবী জোনাথন প্রাইস কেসি ও নিকিলা কৌশিক গত ১ অক্টোবর ই-মেইলের মাধ্যমে বাংলাদেশ বার কাউন্সিলের কাছে অনুমতি চেয়ে আবেদন পাঠিয়েছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ ফারজানা রুপার পক্ষে আইনি লড়াইয়ে অংশ নিতে চান তাঁরা।
আবেদনে বিদেশি আইনজীবীদের অংশগ্রহণের আইনি ভিত্তি হিসেবে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর ১১(৮) ধারা উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার, ১৯৭২-এ যা-ই থাকুক না কেন, বার কাউন্সিলের পূর্বানুমতি নিয়ে ট্রাইব্যুনাল বিদেশি আইনজীবীদের শুনানিতে অংশ নেওয়ার সুযোগ দিতে পারেন। ফলে এ ক্ষেত্রে বার কাউন্সিলের অনুমতি একটি আবশ্যিক পূর্বশর্ত।
ফারজানা রুপা বর্তমানে আইসিটি-বিডি মামলা নম্বর ০৫/২০২৬-এর আওতায় কারাবন্দী রয়েছেন। আগামী ১ নভেম্বর মামলাটির অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য রয়েছে। বিচারিক কার্যক্রম দ্রুত এগিয়ে চলায় ন্যায়বিচারের স্বার্থে জরুরি ভিত্তিতে দুই ব্রিটিশ আইনজীবীকে অনুমতি দেওয়ার ব্যবস্থা নিতে বার কাউন্সিলের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
আবেদনের সঙ্গে ফারজানা রুপার স্বাক্ষরযুক্ত ওকালতনামা, দুই আইনজীবীর জীবনবৃত্তান্ত এবং তাঁদের পাঠানো ই-মেইল ও মূল আবেদনের অনুলিপি সংযুক্ত করা হয়েছে।
amardesh24.com









