আশুলিয়ায় একটি অটো গ্যারেজে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও গুলিভর্তি ম্যাগাজিনসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ DB উত্তর) গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র, মাদক, ডাকাতির প্রস্তুতি ও চুরিসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গতকাল রোববার রাতে আশুলিয়া থানার আউকপাড়া আদর্শগ্রাম এলাকায় জাহানারা বেগমের মালিকানাধীন একটি অটো গ্যারেজে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলিভর্তি একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আশুলিয়ার আউকপাড়া এলাকার সৈয়দ আলভী (৩০), উত্তর আউকপাড়া এলাকার মো. মামুন (৩৪) এবং পটুয়াখালীর বাউফল উপজেলার নওমালা এলাকার জহিরুল (২৭)।
ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আউকপাড়া আদর্শগ্রামের ওই অটো গ্যারেজে কয়েকজন অস্ত্রধারী অবস্থান করছেন বলে তথ্য পাওয়া যায়। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে ডিবি-উত্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলামের নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে এসআই মো. শাহাদাৎ হোসেনসহ পুলিশের একটি দল অংশ নেয়।
পুলিশের দাবি, অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের হেফাজত থেকে কাঠের বাটযুক্ত লোহার তৈরি একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। পিস্তলটির কাঠের বাটসহ কোনাকুনি দৈর্ঘ্য সাত ইঞ্চি। এর গায়ে ইংরেজিতে ‘TTA ও ALY’ খোদাই করা রয়েছে। এ ছাড়া এক রাউন্ড গুলিভর্তি একটি ম্যাগাজিনও উদ্ধার করা হয়।
ডিবি জানায়, গ্রেপ্তার সৈয়দ আলভীর বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা রয়েছে। মো. মামুনের বিরুদ্ধে মাদক আইনে দুটি এবং অন্যান্য ধারায় তিনটিসহ মোট পাঁচটি মামলা রয়েছে। অন্যদিকে জহিরুলের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির একটি ও চুরির দুটি মামলাসহ মোট তিনটি মামলা রয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার ৩ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
amardesh24.com







