স্পোর্টস ডেস্ক।
বাংলাদেশকে ৯৯ রানের বড় ব্যবধানে হারিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করা জিম্বাবুয়ে পাত্তাই পেলো না আফগানিস্তানের কাছে। আবুধাবিতে জিম্বাবুয়েকে ১৫৮ রানের বড় ব্যবধানে হারিয়েছে আফগানরা।
বড় রান তাড়ায় ফজলহক ফারুকির তোপে শুরুতেই চাপে পড়ে জিম্বাবুয়ে। বেন কারেন (০) আর তিসিগাকে (২) সাজঘরে পাঠান আফগান পেসার। অভিজ্ঞ ব্রেন্ডন টেলর ১ রান করেই পড়েন রানআউটে কাটা। ২৬ রানে ৩ উইকেট হারায় জিম্বাবুয়ে।
এরপর ৩১ রান করে ব্রায়ান বেনেটও ফিরলে ৪৩ রানে ৪ উইকেট হারিয়ে লড়াই থেকে ছিটকে পড়ে জিম্বাবুয়ে। রায়ান বার্লও সেট হয়ে গিয়েছিলেন অনেকটা।
এরপর টানা ৩ ওভারে রশিদ খানের ঘূর্ণি জাদু। বার্ল ৩১ আর ওয়েসলি মাদভেরে ৫ রান করে এলবিডব্লিউ। হাফসেঞ্চুরির (৪৮) দোরগোড়ায় থাকা অধিনায়ক সিকান্দার রাজা বোল্ড।
১২৪ রানে ৭ উইকেট হারিয়ে বড় পরাজয় নিশ্চিত হয়ে যায় জিম্বাবুয়ের। শেষ পর্যন্ত ৩৮.৪ ওভারে ১৩৬ রানে অলআউট হয় তারা।রশিদ খান মাত্র ১৭ রান দিয়ে নেন ৪টি উইকেট।
amardesh24.com









