নিজস্ব প্রতিবেদক: ফেনী।
ফেনীতে বটি দিয়ে কুপিয়ে নিজের ৭৫ বছর বয়সী মাকে হত্যা করেছেন মানসিকভাবে অসুস্থ বলে পরিচিত মেয়ে রিনা আক্তার রানু (৩৮)। গতকাল রোববার রাতে উপজেলার পূর্ব চন্দ্রপুর মডেল ইউনিয়নের পূর্ব চন্দ্রপুর গ্রামের বাদশা মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত সেতারা বেগম ওই গ্রামের মৃত হোসেন আহমেদের স্ত্রী।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরে রানু আক্তার অস্বাভাবিক আচরণ করছিলেন। সম্প্রতি তিনি তাঁর স্বামীকেও মারধর করেন। এরপর পরিবারের সদস্যরা চিকিৎসার জন্য কিছুদিন আগে তাঁকে বাবার বাড়িতে নিয়ে আসেন। সেখানে তাঁর মানসিক সমস্যাসহ অন্যান্য রোগের চিকিৎসা চলছিল।
রোববার রাতে হঠাৎ রানু ঘরের অন্য সদস্যদের একটি কক্ষে আটকে রেখে ধারালো বটি দিয়ে তাঁর মাকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এতে ঘটনাস্থলেই সেতারা বেগমের মৃত্যু হয়। এরপর বটি হাতে নিয়ে রানু ঘরের এক কক্ষ থেকে অন্য কক্ষে ছোটাছুটি করতে থাকেন এবং ভেতর থেকে দরজা বন্ধ করে রাখেন।
খবর পেয়ে দাগনভূঞা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। দীর্ঘক্ষণ চেষ্টার পর বসতঘরের লোহার দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে পুলিশ সেতারা বেগমের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় রানুকে আটক করা হয়েছে।
দাগনভূঞা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাঃ ফয়জুল আজীম নোমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মেয়েটির মানসিক সমস্যা থাকতে পারে বলে মনে হয়েছে। তাঁকে আটক করা হয়েছে।
amardesh24.com









