আন্তর্জাতিক ডেস্ক।
ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে তাদের উত্থাপিত কোনো বিলে সই করবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বরং প্রেসিডেন্টের ভেটো ক্ষমতা প্রয়োগ করে বিলগুলো আটকে দেবেন বলে জানিয়েছেন তিনি। প্রতিনিধি পরিষদ, সিনেট কিংবা উভয় কক্ষেই রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠতা হারালে নিজেকে ‘মিস্টার ভেটো’ হিসেবে প্রতিষ্ঠিত করবেন বলেও মন্তব্য করেছেন ট্রাম্প।
আজ মঙ্গলবার অনুষ্ঠিতব্য মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে দ্য নিউইয়র্ক পোস্টের সাংবাদিক মিরান্ডা ডিভাইনের পডকাস্ট ‘পড ফোর্স ওয়ান’-এ দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।
কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে চলে গেলে পরিস্থিতি কীভাবে সামাল দেবেন এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমার ধারণা, আমি মিস্টার ভেটো হয়ে উঠব। তাদের দেশটা ধ্বংস করতে দেব না।’
ট্রাম্পের ভাষ্য, ‘তারা বিভিন্ন বিল পাঠাবে। আপনি তাতে ভেটো দেবেন। এভাবে এক-দুই মাস সব বিলে ভেটো দেওয়ার পর তারা বুঝবে, শুধু সময় নষ্ট হচ্ছে। তখন তারা আলোচনায় আসবে এবং আপনি সমঝোতায় পৌঁছাতে পারবেন।’
আইন প্রণয়নের ক্ষেত্রে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে সমঝোতা হওয়া নতুন কোনো বিষয় নয় বলেও উল্লেখ করেন তিনি। ট্রাম্প বলেন, ‘একপর্যায়ে আমরা হয়তো সমঝোতায় পৌঁছাব। অতীতেও এমন হয়েছে। এটাই প্রথমবার ঘটবে না।’
তবে মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা অটুট থাকবে বলে আশা প্রকাশ করেছেন ট্রাম্প। তাঁর মতে, দল জয়ী হলে ভেটো প্রয়োগের মতো কৌশল নিতে হবে না।
তিনি বলেন, ‘আমরা জিতব বলেই মনে হচ্ছে, ভালো ফল করব। তবে যদি না জিতি, তাহলে আমি সবকিছুতেই ভেটো দেব। ভেটো, ভেটো আর ভেটো।’
দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর এখন পর্যন্ত মাত্র দুবার ভেটো ক্ষমতা প্রয়োগ করেছেন ট্রাম্প। এর আগে প্রথম মেয়াদে প্রেসিডেন্ট থাকাকালে ১০টি বিলে ভেটো দিয়েছিলেন তিনি।
যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী, প্রেসিডেন্ট কংগ্রেসে পাস হওয়া কোনো বিলে ভেটো দিয়ে সেটি প্রত্যাখ্যান করতে পারেন। তবে প্রতিনিধি পরিষদ ও সিনেট—উভয় কক্ষের দুই-তৃতীয়াংশ সদস্য কোনো বিলের পক্ষে সমর্থন দিলে প্রেসিডেন্টের ভেটো অগ্রাহ্য করা সম্ভব। সে ক্ষেত্রে বিলটি আইনে পরিণত হতে পারে।
সাক্ষাৎকারে তৃতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা নিয়েও কথা বলেন ট্রাম্প।তিনি বলেন, ‘সুযোগ পেলে আবারও নির্বাচনে দাঁড়াতে আমার ভালো লাগবে। তবে সংবিধানের ভাষা এ বিষয়ে খুবই সুনির্দিষ্ট।
amardesh24.com









