নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

রাজধানীতে ২৫০টি অস্থায়ী চেকপোস্ট বসানো হয়েছে: ডিএমপি।

নিজস্ব প্রতিবেদক: ঢাকা।

বাসে অগ্নিসংযোগের ঘটনায় নিরাপত্তা জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। নগরজুড়ে অন্তত ২৫০টি অস্থায়ী তল্লাশিচৌকি বা চেকপোস্ট বসানো হয়েছে। গুরুত্বপূর্ণ সড়ক, মোড়, থানা এলাকা ও কৌশলগত স্থানে বাড়ানো হয়েছে পুলিশি নজরদারি, একই সঙ্গে সন্দেহভাজন যানবাহনে তল্লাশি এবং নাশকতার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে বিশেষ অভিযান চলছে।

গত দুই থেকে ৩ দিনে রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতোমধ্যে ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসব ঘটনায় নগরবাসীর মধ্যে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে। বিশেষ করে সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত বিভিন্ন এলাকায় বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় জননিরাপত্তা নিয়ে নতুন করে শঙ্কা দেখা দিয়েছে।ডিএমপি জানিয়েছে, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং নাশকতাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে রাজধানীজুড়ে তল্লাশি ও নজরদারি বাড়ানো হয়েছে।ডিএমপি মিডিয়া বিভাগের উপকমিশনার আকতার হোসেন সাংবাদিকদের বলেন, রোববারের ককটেল বিস্ফোরণের ঘটনায় ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি রাজধানীতে নিরাপত্তাব্যবস্থা বহুলাংশে জোরদার করা হয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং দুষ্কৃতকারীদের কর্মকাণ্ড রুখতে ব্যাপক তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

গুরুত্বপূর্ণ এলাকায় বাড়তি নজরদারি

সোমবার সকাল থেকেই রাজধানীর প্রধান প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশের তৎপরতা বাড়তে দেখা যায়। তেজগাঁও, মহাখালী, মিরপুর, গাবতলী, যাত্রাবাড়ী, পল্টন, শাহবাগ, কারওয়ান বাজার, বাড্ডা, রামপুরা, উত্তরা ও ভাটারাসহ বিভিন্ন এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

এসব এলাকায় সন্দেহভাজন মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশা ও ব্যক্তিগত গাড়ি থামিয়ে তল্লাশি চালানো হচ্ছে। যানবাহনের ভেতরে থাকা ব্যাগ ও অন্যান্য সামগ্রীও পরীক্ষা করছেন দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা। গুরুত্বপূর্ণ স্থাপনা ও জনসমাগমপূর্ণ এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।

পুলিশের এই তল্লাশি কার্যক্রমের লক্ষ্য, বিস্ফোরক বহন বা নাশকতার পরিকল্পনায় জড়িত সন্দেহভাজন ব্যক্তিদের শনাক্ত করা এবং সম্ভাব্য হামলা প্রতিরোধ করা।

রামপুরা ও বনশ্রীতে অভিযান

রামপুরা এলাকায় বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ভবনের সামনে চেকপোস্ট বসিয়ে সন্দেহজনক যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন জানান, ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

তিনি আরও জানান, সোমবার সকালে বনশ্রীর সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনায় নাশকতায় জড়িত সন্দেহে দুজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে।

আগারগাঁওয়েও তল্লাশি জোরদার

শেরেবাংলা নগর ও আগারগাঁও এলাকায় নিরাপত্তা কার্যক্রম বাড়ানো হয়েছে। শেরেবাংলা নগর থানার ওসি মনিরুল ইসলাম জানান, নিরাপত্তা নিশ্চিত করতে আগারগাঁও মেট্রোরেল স্টেশনের নিচসহ আশপাশের এলাকায় পুলিশ সরাসরি তল্লাশি কার্যক্রম পরিচালনা করছে।

গুরুত্বপূর্ণ স্থাপনা ও যাতায়াতের ব্যস্ত এলাকাগুলোতে সন্দেহজনক চলাচলের ওপর নজর রাখা হচ্ছে। একই সঙ্গে সম্ভাব্য নাশকতা ঠেকাতে পুলিশি টহল বাড়ানো হয়েছে।প্রতিটি থানাকে সতর্ক থাকার নির্দেশ

রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম জানান, তাঁর বিভাগের আওতাধীন প্রতিটি থানাকে তল্লাশিব্যবস্থা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে, তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান জানান, প্রতিটি থানার ওসিকে চেকপোস্ট পরিচালনার পাশাপাশি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টিকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে বিশেষ অভিযান পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশের কর্মকর্তারা বলছেন, রাজধানীর বিভিন্ন এলাকায় সমন্বিতভাবে তল্লাশি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। নাশকতার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে সংশ্লিষ্ট থানা ও গোয়েন্দা ইউনিট কাজ করছে।

তিন দিনে একের পর এক বিস্ফোরণ

গত শুক্রবার থেকে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর এলাকায় ধারাবাহিকভাবে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। এসব ঘটনার মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর থানা প্রাঙ্গণও রয়েছে।

শনিবার রাতে যাত্রাবাড়ী থানার সামনে চার থেকে পাঁচটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এতে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এরপর রোববার রাতে পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে ওঠে। রাজধানীর অন্তত পাঁচটি থানা প্রাঙ্গণসহ ১৫টি পৃথক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। একই রাতে ভাটারা থানার সামনে দাঁড়িয়ে থাকা একটি স্কুলবাসে আগুন দেওয়া হয়। এর কিছুক্ষণ আগে একই এলাকায় একটি যাত্রীবাহী বাসেও অগ্নিসংযোগ করা হয়।

পরপর এসব ঘটনায় রাজধানীর বিভিন্ন এলাকায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ে। বিশেষ করে রাতে গণপরিবহন ও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে শঙ্কা তৈরি হয়। জননিরাপত্তা নিশ্চিতে চিরুনি অভিযান

amardesh24.com

আরও পড়ুন