এ ঘটনায় ডাকাতদের অস্ত্রের আঘাতে ইউপি সদস্য মাহফুজুর রহমান আহত হয়ে (লোহাগাড়া) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।এর আগে সোমবার দিবাগত রাত ২:৩০ ঘটিকার দিকে সাতকানিয়া সদর ইউনিয়নে ৪ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।

ইউপি সদস্য মাহফুজুর রহমান বলেন, আগের সোমবার রাতে দৈনন্দিন কাজ শেষে পরিবারের সবাই ঘুমিয়ে পড়ি, রাত ২: ৩০ ঘটিকার দিকে ৫ থেকে ৬ জনের ডাকাত দল সিঁড়ি ঘরের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। প্রথমে আমার বড় ভাইয়ের ঘরের প্রবেশ করে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে। আমার বড় ভাইয়ের সন্তানদের কান্নাকাটির শব্দ শুনে আমি তাদের ঘরে যাই, এ সময় ডাকাতটা মহিলাদের নাজেহাল করলে আমি এতে বাঁধা দিই। এ সময় ডাকাত দলের হাতে থাকা রামদা ও খুন্তি দিয়ে আমার মাথা ও হাতে আঘাত করলে আমি মাটিতে লুটিয়ে পড়ি।
মাহফুজ আরও বলেন, পরে ডাকাত দল আলমারি ভেঙে আমার ওয়ার্ডের ও ৪ নম্বর ওয়ার্ডের উন্নয়ন প্রকল্পের নগদ ৭ লাখ টাকা, আমার স্ত্রী ও ভাবির মিলে ৬ ভরি স্বর্ণালংকার, মূল্যবান কাপড়-চোপড় সহ প্রায় সাড়ে ১৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
এক প্রশ্নে মাহফুজ বলেন, ডাকাতদল মোটরসাইকেল নিয়ে এসেছে, ৬ জনের মত ঘরে ঢুকেছে, বাকিরা বাইরে পাহারায় ছিল। আমার ঘরে টাকা আছে জেনে ডাকাতরা পরিকল্পিতভাবে ঘরে হানা দেয়। গতকাল মঙ্গলবার সকালে আমার ভাইরা শহর থেকে এসে ৯৯৯ এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

সাতকানিয়া সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বেলাল উদ্দিন ডাকাতির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন , ডাকাতদল কয়েকটি মোটরসাইকেলে করে মাহফুজের ঘরে ডাকাতি করে চলে যাওয়ার দৃশ্য সিসিটিভি ফুটেজে দেখা গেছে, আমি এ ঘটনায় জড়িত ডাকাতদের সনাক্তের জন্য প্রশাসনকে সহায়তা করছি।
এদিকে ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে। এলাকাবাসীর অভিযোগ, এলাকায় চুরি-ডাকাতি ও অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পেলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃশ্যমান তৎপরতা নেই। একজন জনপ্রতিনিধির বাড়িতে যদি এ ধরনের সশস্ত্র হামলা ও ডাকাতির ঘটনা ঘটে, তবে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় এমন প্রশ্ন তুলছেন স্থানীয়রা। তারা অবিলম্বে এই ঘটনার সাথে জড়িত ডাকাতদের গ্রেপ্তার এবং এলাকার নিরাপত্তা জোরদার করার দাবি জানিয়েছেন।
চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) মো. আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ইতোমধ্যে সিসিটিভি ক্যামেরার ফুটেজও সংগ্রহ করা হয়েছে। সেখানে দুটি মোটরসাইকেলের ৪ জনকে দেখা যাচ্ছে। তাদেরকে সনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
amardesh24.com









