চট্টগ্রামের কদমতলী এলাকায় ঘনবসতিপূর্ণ ভবনের মাঝে অবস্থিত তেলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে।
গতকাল মঙ্গলবার মাগরিবের নামাজের পর এই অগ্নিকাণ্ড ঘটে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনাকবলিত স্থানটি মূলত একটি মবিলের গোডাউন। মবিল ও অন্যান্য দাহ্য পদার্থ থাকার কারণে আগুনের তীব্রতা বহুগুণ বেড়ে গেছে।
ড্রাম বিস্ফোরণের আশঙ্কায় আতঙ্কে রয়েছেন আশপাশের বাসিন্দারা। এলাকাটি অত্যন্ত ঘিঞ্জি এবং আবাসিক ভবনের খুব কাছাকাছি হওয়ায় আগুন ছড়িয়ে পড়ার চরম ঝুঁকি তৈরি হয়েছে।
এক স্থানীয় প্রত্যক্ষদর্শী জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে আবাসিক এলাকায় গড়ে ওঠা এই গোডাউনটিতে অবৈধভাবে মবিল প্রক্রিয়াজাত করা হতো বলে তিনি অভিযোগ করেন।
ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা প্রথমে এগিয়ে এসে আশপাশের ভবনের ছাদ ও চারপাশ থেকে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। পরবর্তীতে ফায়ার সার্ভিস এসে আগুন নেভানোর কাজ শুরু করে।
যেহেতু এটি তেলের গুদাম এবং চারপাশ ঘনবসতিপূর্ণ, তাই আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের কর্মীদের বেগ পেতে হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট একযোগে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
amardesh24.com








