কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানের পরিত্যক্ত বাড়িতে আগুন দিয়েছে একদল যুবক। এ সময় বাড়ির ফটকে তার ছবি সাঁটিয়ে তাতে আগুন ধরিয়ে বিক্ষোভ ও বিভিন্ন স্লোগান দেন তারা।গতকাল বুধবার রাতে ফতুল্লার জামতলা এলাকায় শামীম ওসমানের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি কদম রসুল কলেজ ছাত্র সংসদের সাবেক সেক্রেটারি ও মহানগর ছাত্রদল নেতা আতিকুর রহমান রিফাতের (শেখ রিফাত) নেতৃত্বে ১৫ থেকে ২০ জন যুবক মিছিল নিয়ে বাড়িটিতে যান। পরে তারা বাড়ির বিভিন্ন স্থানে আগুন ধরিয়ে দেন। এ সময় বাড়ির সামনের ফটকে শামীম ওসমানের ছবি সাঁটিয়ে তাতেও আগুন দেওয়া হয়।

বিক্ষোভকারীরা মিছিল নিয়ে ‘শেখ হাসিনার ফাঁসি চাই’, ‘খুনি হাসিনার ফাঁসি চাই’ এবং ‘রশি লাগলে রশি নে, শেখ হাসিনার ফাঁসি দে’সহ বিভিন্ন স্লোগান দেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী জামতলা এলাকার নৈশপ্রহরী হারুন অর রশিদ জানান, যুবকেরা বাড়িটিতে আগুন দেওয়ার চেষ্টা করলে কয়েকটি স্থানে আগুন জ্বলে ওঠে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, শামীম ওসমানের বাড়িতে আগুন দেওয়ার খবর পুলিশ পেয়েছে। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন বিকেলে জামতলায় শামীম ওসমানের ডুপ্লেক্স বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছিল।
একই দিন উত্তর চাষাঢ়া এলাকায় তার ভাই ও সাবেক সংসদ সদস্য সেলিম ওসমানের তিনতলা বাড়িতেও হামলা ও আগুন দেওয়ার ঘটনা ঘটে। সেদিন জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনাতেও হামলা ও ভাঙচুর চালানো হয়।
amardesh24.com









