পুলিশের গুলিতে চট্রগ্রামে বাম পা হারানো ছাত্রদল নেতা সাইফুলের ঘটনায় ৫ বছর পর স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
২০২১ সালের ওই ঘটনায় জড়িতদের শনাক্ত করতে একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেওয়ার পাশাপাশি ভুক্তভোগীকে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার প্রশ্নে রুল জারি করেছেন আদালত।
রিট আবেদন ও আইনজীবীর বক্তব্য সূত্রে জানা যায়, ২০২১ সালের ১৬ জুন সকালে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানা এলাকার একটি হোটেল থেকে সাদা পোশাকধারী কয়েকজন পুলিশ সদস্য সাইফুল ইসলামকে একটি প্রাইভেটকারে তুলে নিয়ে যান। এরপর তাঁকে কোথায় রাখা হয়েছিল, সে বিষয়ে পরিবারের সদস্যদের কোনো তথ্য দেওয়া হয়নি।
রিটকারীর আইনজীবী আমীনূর রহমান শেখ জানান, পরদিন ১৭ জুন দিবাগত রাত ১টার দিকে সাইফুলকে অজ্ঞাত একটি স্থানে নিয়ে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর ওপর অমানুষিক শারীরিক নির্যাতন চালানো হয় এবং একপর্যায়ে বাম হাঁটুতে পরপর দুটি গুলি করা হয়।
পরবর্তীতে তাঁকে অস্ত্র আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে বায়েজিদ বোস্তামী থানায় হস্তান্তর ও আদালতে সোপর্দ করা হয়। গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পরও সংক্রমণ ও গুরুতর জটিলতার কারণে শেষ পর্যন্ত তাঁর বাম পা হাঁটুর ওপর থেকে কেটে ফেলতে হয়।
আইনজীবী ও সংশ্লিষ্টরা জানান, একটি পা হারানোর অপূরণীয় ক্ষতি কোনো অর্থের বিনিময়েই পূরণ করা সম্ভব নয়। ৫ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি সেই আইনি প্রতিকার চাওয়ারই অংশ। দীর্ঘ ৫ বছরের আইনি লড়াইয়ের পর হাইকোর্টের এই আদেশ ভুক্তভোগী সাইফুলের ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে বলে আশা করা হচ্ছে।
এখন আদালতের নির্দেশনা অনুযায়ী নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও তাঁর পরিবার।
amardesh24.com









