বন্দর, ইপিজেড ও পতেঙ্গার স্থানীয় এলাকাবাসীরা জানান, চট্টগ্রাম বন্দর দিয়ে দেশের আমদানি ও রপ্তানি বাণিজ্যের ৯২ শতাংশ সম্পাদিত হয়। প্রতিদিন এসব পণ্য বন্দর ও বেসরকারি কনটেইনার ডিপোতে আনা ও নেয়ায় আট হাজারেরও বেশি ট্রাক, লরি, কাভার্ড ভ্যান, ট্রেলর চলাচল করে। পাশাপাশি যাত্রীবাহী কয়েক হাজার ছোট বড় যানবাহন চলাচল করে। ফলে বন্দর, ইপিজেড ও পতেঙ্গা এলাকায় ৫ কিলোমিটার এলাকাজুড়ে অসহনীয় যানজটের শিকার হোন স্থানীয় এলাকাবাসী। আর বন্দর ইপিজেড যানজট শুধু বন্দর ইপিজেড ও পতেঙ্গার সমস্যা নয়, এ সমস্যা এখন জাতীয় সমস্যার রূপধারণ করেছে। বাংলাদেশের অর্থনৈতিক প্রাণকেন্দ চট্টগ্রাম বন্দর, শিল্পাঞ্চল ইপিজেড, পতেঙ্গা আন্তর্জাতিক বিমানবন্দর ও দেশের গুরুত্বপূর্ণ জ্বালানি তেল সেক্টরসহ বেশ কিছু সরকারি স্থাপনা এ অঞ্চলে অবস্থিত। প্রতিষ্ঠানগুলো দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রেখে যাচ্ছে। নিত্যদিনের তীব্র যানজটের কারণে একদিকে দেশের অর্থনীতিতে বিরূপ প্রবাব পড়ছে এবং অত্র অঞ্চলের লাখ লাখ মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছে।









