আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে বিশেষ অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশ। গত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন এলাকায় পরিচালিত এ অভিযানে মোট ৫৫৯ জনকে আটককরা হয়েছে। এ সময় অস্ত্র, গুলি, মাদক ও বিভিন্ন অপরাধে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়। অভিযানের ঘটনায় বিভিন্ন থানায় ৪৪টি মামলা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের সূত্র জানায়, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করা এবং পেশাদার অপরাধীদের তৎপরতা দমনে বিভিন্ন অপরাধ বিভাগ ও গোয়েন্দা শাখার সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
বিভাগভিত্তিক অভিযানে আটক ব্যক্তিদের মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ ১১৮ জনকে আটক করা হয়েছে। এছাড়া গুলশান বিভাগে ১০৫, ওয়ারী বিভাগে ৮৭, তেজগাঁও বিভাগে ৭৯, মতিঝিল বিভাগে ৬৫, উত্তরা বিভাগে ৩৭, লালবাগ বিভাগে ৩৩, রমনা বিভাগে ৩২ এবং গোয়েন্দা বিভাগে তিনজনকে আটক করা হয়।
অভিযানে তিনটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও নয় রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে। এছাড়া অপরাধে ভয় দেখানোর কাজে ব্যবহৃত একটি খেলনা পিস্তল, দুটি সুইচ গিয়ার, একটি চাকু ও একটি ধারালো ব্লেড জব্দ করা হয়।
পুলিশ আরও ১৭টি মোবাইল ফোন ও নগদ ২ হাজার ৭০০ টাকা উদ্ধার করেছে। এসব মোবাইলের কিছু ছিনতাই বা অন্যান্য অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট বলে জানানো হয়েছে।অপরদিকে মাদকবিরোধী অভিযানে ৩ হাজার ৭১০ পিস ইয়াবা, ৫১০ গ্রাম গাঁজা, ১০০ পুরিয়া হেরোইন, ১৫ বোতল দেশি মদ এবং এক লিটার বিদেশি মদ উদ্ধার করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, আটক ব্যক্তিদের মধ্যে ছিনতাই, ডাকাতি, মাদক ব্যবসা, অবৈধ অস্ত্র বহনসহ বিভিন্ন অপরাধে জড়িত এবং বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামিরাও রয়েছেন।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত প্রক্রিয়া চলছে। উদ্ধার করা অস্ত্র, মাদক ও অন্যান্য আলামতও মামলার সঙ্গে যুক্ত করা হচ্ছে। নগরীর নিরাপত্তা জোরদার ও অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের সমন্বিত অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ।
amardesh24.com









