পারানা রাজ্যে রোগীদের বহনকারী একটি বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৩ জন নিহতহয়েছেন, মর্মান্তিক এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও পাঁচজন।বার্তা সংস্থা রয়টার্স জানায়, স্থানীয় সময় বুধবার ভোরে দেশটির বিআর-৩৭৩ মহাসড়কে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে।
দেশটির ফেডারেল হাইওয়ে পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে ট্রাকটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত লেনে ঢুকে পড়ে, ফলে সামনে থাকা বাসটির সঙ্গে জোরালো সংঘর্ষ হয়। এতে দুর্ঘটনাকবলিত বাসটির অধিকাংশ যাত্রী এবং ট্রাকের চালক ঘটনাস্থলেই মারা যান।
জানা গেছে, বাসটি ইম্বিতুভা পৌরসভার স্বাস্থ্য বিভাগের ছিল। এটি রোগীদের চিকিৎসার জন্য পারানার রাজধানী কুরিতিবার বিভিন্ন হাসপাতালে নিয়ে যাচ্ছিল।
এই মর্মান্তিক প্রাণহানির ঘটনায় ইম্বিতুভা পৌর এলাকায় দুই দিনের শোক ঘোষণা করেছে স্থানীয় কর্তৃপক্ষ। বর্তমানে মহাসড়কটিতে উদ্ধার তৎপরতা পরিচালনার পাশাপাশি ঘটনার বিস্তারিত তদন্ত চালাচ্ছে পুলিশ।
amardesh24.com









