জনপ্রিয় বলিউড অভিনেএি প্রিয়াঙ্কা চোপড়া জোনাস সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তার স্বামী নিক জোনাসের জন্মদিন উপলক্ষে ভালোবাসায় ভরা এক আবেগঘন বার্তা ও সুন্দর মুহূর্ত ভক্তদের সাথে ভাগ করে নিয়েছেন।
এর আগে বৃহস্পতিবার ‘হেডস অফ স্টেট’ খ্যাত ৪৪ বছর বয়সী এই অভিনেত্রী জোনাস ব্রাদার্স খ্যাত গায়ক ও তার স্বামী নিক জোনাসের ৩৪তম জন্মদিনে বিশেষ শ্রদ্ধা নিবেদন করেন। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করা একাধিক ছবিতে প্রিয়াঙ্কা নিককে এমন একজন মানুষ হিসেবে বর্ণনা করেন, যিনি তাদের সব স্বপ্নকে বাস্তবে রূপ দেন। এই তারকা দম্পতির ৪ বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে, যার নাম মালতি মেরি।
ইনস্টাগ্রাম পোস্টে শেয়ার করা ছবিগুলোর মধ্যে একটিতে দেখা যায় প্রিয়াঙ্কা পরম ভালোবাসায় নিকের গালে চুম্বন করছেন। এছাড়া গলফ থিমের ওপর ভিত্তি করে আয়োজিত জন্মদিনের জমকালো উদযাপনের একাধিক স্মৃতিময় ছবিও সেখানে ছিল। তবে সমস্ত ছবির ভিড়ে নেটিজেনদের সবচেয়ে বেশি নজর কেড়েছে নিক জোনাস ও তার ছোট্ট মেয়ে মালতির একটি হৃদয়স্পর্শী ভিডিও।

ভিডিও ফুটেজে দেখা যায়, ‘হে জোনাস!’ পডকাস্টের উপস্থাপক নিক জোনাস একটি বিশাল গ্র্যান্ড পিয়ানোর সামনে বসে রিয়ানার জনপ্রিয় গান “ডায়মন্ডস” বাজাচ্ছেন। আর তার ঠিক পাশেই গোলাপি রঙের রামধনু প্রিন্টের পায়জামা এবং কোয়ালা চটি পরা অবস্থায় ছোট্ট মালতি পূর্ণ উদ্যামে নাচছে ও বাবার সুরের সাথে সুর মিলিয়ে গান গাইছে। বাবা ও মেয়ের এই আদুরে জুটির অনবদ্য রসায়ন ও সুন্দর মেলবন্ধন মুহূর্তেই ভক্তদের মন জয় করে নেয়।
ছবি ও ভিডিওর আবেগঘন ক্যাপশনে প্রিয়াঙ্কা লিখেছেন, শুভ জন্মদিন সেই মানুষটিকে, যিনি প্রতিদিন আমাদের সমস্ত স্বপ্ন সত্যি করেন। আমরা তোমাকে অনেক ভালোবাসি গাগা।
উল্লেখ্য, ২০১৮ সালে ‘কোয়ান্টিকো’ খ্যাত অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া এবং ‘সান্ডে বেস্ট’ গায়ক নিক জোনাসের মধ্যে এক ঝড়ো প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একই বছরের ডিসেম্বর মাসে ভারতের রাজকীয় পরিবেশে তারা যৌথভাবে হিন্দু ও খ্রিস্টান ঐতিহ্য মেনে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের কয়েক বছর পর, ২০২২ সালের জানুয়ারিতে সারোগেসির মাধ্যমে তাদের কোল আলো করে আসে একমাত্র কন্যা সন্তান মালতি মেরি।তবে মালতির জন্ম সহজ ছিল না।
স্মরণ করে পরবর্তীতে নিক জোনাস একে অত্যন্ত ‘ভীতিজনক’ একটি অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করেছিলেন। অন্যদিকে, প্রিয়াঙ্কা বিভিন্ন সাক্ষাৎকারে আবেগপ্লুত হয়ে একাধিকবার বলেছেন যে, সমস্ত অর্জনের মাঝেও মালতিই হলো তার জীবনের ‘সেরা এবং সবচেয়ে সুন্দর প্রাপ্তি।
amardesh24.com







