আন্তর্জাতিক ডেস্ক।
রাজধানী ব্যাংককে টানা ৪৮ ঘণ্টার ভারি বৃষ্টিতে ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। নগরীর অধিকাংশ সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় পরিস্থিতি মোকাবিলায় জরুরি বন্যা দুর্যোগ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
একই সঙ্গে বাসিন্দাদের ঘরে অবস্থান করার পাশাপাশি খালের আশপাশের বাসিন্দাদের ঘরের প্রয়োজনীয় মালামাল দ্রুত নিরাপদ ও উঁচু স্থানে সরিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, অতিরিক্ত বৃষ্টির কারণে ব্যাংককের পানি নিষ্কাশন ব্যবস্থা কার্যত অচল হয়ে পড়েছে। এতে নগরীর প্রধান সড়কগুলোতে যান চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রোববার পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
ব্যাংককের গভর্নর চাদচার্ট সিত্তিপুন্ট জানিয়েছেন, শহরের পূর্বাঞ্চল বৃষ্টির পানিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। খালগুলো পানিতে পরিপূর্ণ হয়ে যাওয়ায় সেগুলোর আশপাশে বসবাসকারী মানুষ বেশি ঝুঁকির মধ্যে রয়েছেন। তবে এখন পর্যন্ত বন্যার কারণে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
amardesh24.com









