নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে টানা ৩ দিন ধরে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার সরকারকে প্রত্যাহার করা হয়েছে। তাঁর স্থলে পাবনা সদর সার্কেল কার্যালয়ের পরিদর্শক গোলাম মোস্তফাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
গতকাল শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ।তিনি জানান, ওসি নয়ন কুমার সরকারকে প্রত্যাহার করে তাঁর পরিবর্তে পাবনা সদর সার্কেল কার্যালয়ের পরিদর্শক গোলাম মোস্তফাকে দায়িত্ব দেওয়া হয়েছে। রাতেই তাঁকে নতুন দায়িত্ব বুঝে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
এর আগে বৃহস্পতিবার বিকেলে বেড়া পৌর এলাকার বৃশালিখা এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা পর্যন্ত কয়েক দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসব ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯ নভেম্বর লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বেড়া মডেল থানার সামনে বিক্ষোভ মিছিল করেন। এর জবাবে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা পাল্টা মিছিল বের করলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়।
এ সময় সাবেক ডেপুটি স্পিকার ও পাবনা-১ আসনের সাবেক সংসদ সদস্য শামসুল হক টুকুর পরিত্যক্ত বাড়িতে রাখা খড়ের পালায় আগুন দেওয়ার ঘটনা ঘটে। এরপর থেকে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে বিরতি দিয়ে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া চলতে থাকে।
এরই ধারাবাহিকতায় শনিবার দুপুর থেকে বেড়া পৌর এলাকার বৃশালিখা এলাকায় দুই পক্ষের নেতাকর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশ সুপার আবু আশ্রাফ জানান, সংঘর্ষে আহত হওয়ার খবর পাওয়া গেলেও আহতদের বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
amardesh24.com





