সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় পরিবহনের একটি চলন্ত বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাসের ভেতরের আসবাব ও বিভিন্ন সরঞ্জাম পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।আজ রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মঞ্জিল পরিবহনের বাসটি আশুলিয়া থেকে সিদ্ধিরগঞ্জের শিমরাইলের উদ্দেশে যাচ্ছিল।
পথে সাইনবোর্ড এলাকায় পৌঁছানোর পর চলন্ত অবস্থায় হঠাৎ বাসটির পেছনের অংশে আগুন ধরে যায়। আগুনের বিষয়টি বুঝতে পেরে চালক, হেলপার ও যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে নিরাপদ স্থানে সরে যান।
খবর পেয়ে কাঁচপুর মডার্ন ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই আগুনে বাসের ভেতরের বিভিন্ন মালামাল ও যন্ত্রাংশ পুড়ে যায়।
জানা গেছে, ক্ষতিগ্রস্ত বাসটির মালিক মিম। ঘটনার সময় বাসটি চালাচ্ছিলেন ঢাকার যাত্রাবাড়ী এলাকার বাসিন্দা জামাল হোসেন (৩২)। আর হেলপারের দায়িত্বে ছিলেন নয়ন।
এ বিষয়ে কাঁচপুর মডার্ন ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন ইনচার্জ জাহাঙ্গীর আলম জানিয়েছেন, রাত সাড়ে ১২টার দিকে খবর পেয়ে তাঁরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। চালককে জিজ্ঞাসাবাদে জানা গেছে, বাসে থাকা দুজন যাত্রী নেমে যাওয়ার পরপরই আগুনের সূত্রপাত হয়।
amardesh24.com





