নির্বাচনকে কেন্দ্র করে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত নেতাকর্মীদের আবারও দলে ফেরানোর উদ্যোগ নিয়েছে বিএনপি। এ তালিকায় অন্তত ৮০ থেকে ৮৫ জন বিদ্রোহী প্রার্থী রয়েছেন।
সব মিলিয়ে ৫ শতাধিক নেতাকর্মীকে সাংগঠনিক কর্মকাণ্ডে ফিরিয়ে আনার পরিকল্পনা করছে দলটি। স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে তৃণমূলের বিভেদ দূর করা এবং সাংগঠনিক শক্তি বাড়ানোই এ উদ্যোগের লক্ষ্য।
দলীয় সূত্র জানায়, নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়া এবং তাঁদের সমর্থন দেওয়ার কারণে তিন শতাধিক নেতাকর্মীকে বহিষ্কার করেছিল বিএনপি।
তাঁদের মধ্যে ৯১ জন কেন্দ্রীয় ও তৃণমূল পর্যায়ের নেতা ৪৫টি আসনে ধানের শীষের প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁদের সাতজন নির্বাচনে জয়ী হয়ে সংসদ সদস্য হয়েছেন।
বহিষ্কৃত নেতাদের মধ্যে কয়েকশ ব্যক্তি ইতিমধ্যে দলে ফেরার আবেদন করেছেন। এসব আবেদন যাচাই-বাছাই করে পর্যায়ক্রমে সিদ্ধান্ত নেওয়া হবে।
বিদ্রোহী প্রার্থী ছাড়াও ২০২৪ সালের ৫ আগস্টের পর বিভিন্ন অভিযোগে বহিষ্কৃত নেতাদেরও ফিরিয়ে আনার পরিকল্পনা রয়েছে। শিগগিরই এ বিষয়ে সংশ্লিষ্ট নেতাদের কাছে কেন্দ্র থেকে চিঠি পাঠানো হতে পারে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বহিষ্কৃত নেতাদের প্রায় সবাই ভুল স্বীকার করে দলে ফেরার আবেদন করেছেন।
তবে প্রতিটি আবেদনের ধরন ও প্রেক্ষাপট আলাদা। স্থানীয় বাস্তবতা বিবেচনায় যাঁদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা জরুরি কিংবা যাঁদের অপরাধ তুলনামূলক কম গুরুতর, তাঁদের আবেদন গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে। বিএনপি চেয়ারম্যান এ বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছেন।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে ৪৫টি আসনে বিএনপির ৯১ জন নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন।
তাঁদের বিদ্রোহী প্রার্থী হিসেবে চিহ্নিত করে বহিষ্কার করা হয়। তাঁদের সমর্থন করায় তৃণমূলের আরও তিন শতাধিক নেতাকর্মীকে বহিষ্কার করে দলটি। নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের মধ্যে সাতজন বিজয়ী হন।
এর আগে গত আগস্টে নড়াইল সদর, পৌরসভা ও লোহাগড়া বিএনপির ছয় নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। সর্বশেষ গত ১৭ নভেম্বর নড়াইল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাঁকে স্বপদে পুনর্বহাল করা হয়েছে। তিনি নড়াইল-২ আসনে ধানের শীষের প্রার্থী ড. ফরিদুজ্জামান ফরহাদের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন।
বিএনপির দপ্তর সূত্র জানায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর বিভিন্ন অভিযোগে বহিষ্কৃত নেতাদের একটি বড় অংশকে জাতীয় সংসদ নির্বাচনের আগে দলে ফিরিয়ে নেওয়া হয়েছিল। তখন আবেদন করেও যাঁরা ফিরতে পারেননি, এবার তাঁদেরও বিবেচনায় নেওয়া হচ্ছে।
amardesh24.com





