স্পোর্টস ডেস্ক।
পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে দারুণ জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে থাইল্যান্ড। ইন্দোনেশিয়ার বান্দুং শহরের ঐতিহ্যবাহী সি জালাক হারুপাত স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে পাকিস্তানকে ৪-০ গোলে পরাজিত করে পূর্ণ ৩ পয়েন্ট অর্জন করেছে দলটি।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে থাইল্যান্ড। এরই ধারাবাহিকতায় ৩১ মিনিটে দলের হয়ে প্রথম গোল করেন তারকা স্ট্রাইকার তিরাসাক পোয়েইফিমাই। প্রথমার্ধের শেষ দিকে ৪১ মিনিটে সাবেক চেলসি একাডেমির খেলোয়াড় জ্যুড সুনসুপ-বেল দুর্দান্ত ফিনিশিংয়ে থাইল্যান্ডের ব্যবধান দ্বিগুণ করেন।
দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার চেষ্টা করে পাকিস্তান। তবে আক্রমণ গড়ে তুললেও থাইল্যান্ডের শক্তিশালী রক্ষণভাগ ভেদ করে গোল আদায় করতে পারেনি তারা। উল্টো ৬৪ মিনিটে হারিস জেবের আত্মঘাতী গোলে আরও পিছিয়ে পড়ে পাকিস্তান। এতে থাইল্যান্ডের লিড দাঁড়ায় ৩-০।
ম্যাচের শেষ দিকে ৮৪ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন তিরাসাক পোয়েইফিমাই। তাঁর গোলে থাইল্যান্ডের জয় নিশ্চিত হয় ৪-০ ব্যবধানে।
amardesh24.com









