পুলিশের বিশেষ অভিযানে ৩১ পিস ইয়াবাসহ ওলিয়ার রহমান (৩৪) নামে এক যুবককে আটক করা হয়েছে।আজ বুধবার দুপুর সাড়ে ২টার দিকে উপজেলার সিংহঝুলি বাজার এলাকায় চৌগাছা-যশোর সড়কে এ অভিযান চালানো হয়। চৌগাছা থানার এসআই সবুজ মন্ডলের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এ সময় সিংহঝুলি গ্রামের ইব্রাহিমের বাড়ির সামনে পাকা সড়ক থেকে ওলিয়ার রহমানকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৩১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক ওলিয়ার রহমান সিংহঝুলি গ্রামের মৃত রহিদুল ইসলামের ছেলে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চৌগাছা থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে।চৌগাছা থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।









