বাজারে এবার বড় অঙ্কে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভরিতে ৩ হাজার ১৪৯ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা।
আজ সোমবার (২৩ নভেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন দাম এদিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে স্বর্ণের নতুন বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৯ হাজার ১৯০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬২ হাজার ৫৩৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩২ হাজার ৪৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুস জানিয়েছে, অলঙ্কারের নকশা অনুযায়ী মজুরি নির্ধারিত হবে। স্বর্ণ ও রুপার অলঙ্কার বিক্রির মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতার কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।
মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে অলঙ্কার বিনিময়ের ক্ষেত্রে ৯ শতাংশ এবং কেনার ক্ষেত্রে ১৫ শতাংশ বাদ দিতে হবে। তবে বিনিময় ও কেনার ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়ার সুযোগ নেই। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এ মূল্য কার্যকর থাকবে।
এর আগে সর্বশেষ ২১ নভেম্বর রাতে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ভরিতে ৬ হাজার ১৮২ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা নির্ধারণ করা হয়েছিল।
ওই সময় ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ১ লাখ ৮৬ হাজার ২১৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৫৯ হাজার ৯৭২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি ১ লাখ ৩০ হাজার ৩৪৫ টাকা। এসব দাম ২২ নভেম্বর থেকে কার্যকর হয়েছিল।
এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১৪৩ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৬৬ দফা দাম বাড়ানো হয়েছে, ৭৬ দফা কমানো হয়েছে এবং এক দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে।
amardesh24.com




