স্পোর্টস ডেস্ক।
৬ অক্টোবর মনুমেন্তাল স্টেডিয়ামে লিওনেল মেসি শেষবারের মতো আর্জেন্টিনার জার্সি পরবেন। তাকে বিদায় জানাতে প্রস্তুত দেশের লাখো সমর্থক। এর আগে বুরকিনা ফাসোর বিপক্ষে দারুণ এক জয় তুলে নিয়ে বিদায়ী ম্যাচের প্রস্তুতিটা স্মরণীয় করে রাখল আলবিসেলেস্তেরা। ফিফা র্যাঙ্কিংয়ের ৬২তম দলটির বিপক্ষে ৭-০ গোলের বড় জয় পেয়েছে আর্জেন্টিনা।
মেসিকে ছাড়া এবারের আন্তর্জাতিক উইন্ডোতে খেলছে আর্জেন্টিনা। বলিভিয়ার বিপক্ষে চার গোলের জয় দিয়ে শুরু হয়েছিল তাদের নতুন অধ্যায়। দ্বিতীয় ম্যাচে বুরকিনা ফাসোর বিপক্ষেও দাপুটে ফুটবল খেলেছে তারা। প্রথমার্ধেই পাঁচ গোল করে তিনবারের বিশ্বকাপ চ্যাম্পিয়নরা। দ্বিতীয়ার্ধে এসেছে আরও দুটি গোল।
পেনাল্টি বক্সের ভেতরে মুমুনি দিয়ালোর ফাউলের শিকার হন অগাস্টিন জিয়ায়। সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক নিতে এগিয়ে আসেন লাউতারো মার্তিনেজ। বুরকিনা ফাসোর গোলকিপার রাজাক গুইরা তার প্রথম শটটি ঠেকিয়ে দিলেও বল পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে পারেননি। সেই সুযোগ কাজে লাগিয়ে বল জালে পাঠান লাউতারো। তাতেই ম্যাচে এগিয়ে যায় আর্জেন্টিনা।
এর আগের ম্যাচে বলিভিয়ার বিপক্ষেও আর্জেন্টিনার হয়ে প্রথম গোলটি করেছিলেন লাউতারো। বুরকিনা ফাসোর বিপক্ষে গোলটি ছিল তার টানা দ্বিতীয়। জাতীয় দলের জার্সিতে ৪২তম গোল করে সার্জিও আগুয়েরোর সঙ্গে যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ গোলদাতার আসনে বসেছেন তিনি। সামনে এখন গ্যাব্রিয়েল বাতিস্তুতার ৫৪ গোলের রেকর্ড। ১২৫ গোল নিয়ে সবার ওপরে আছেন মেসি।
এরপর আবারও ভুল করেন মুমুনি দিয়ালো। বল ক্লিয়ার করতে গিয়ে সেটি নিজের জালেই পাঠিয়ে দেন বুরকিনা ফাসোর এই ডিফেন্ডার। ওয়াগাদুগু ক্লাবে খেলা ২২ বছর বয়সী এই ফুটবলারের জন্য ম্যাচের প্রথম আট মিনিটই হয়ে ওঠে ভুলে যাওয়ার মতো। তার আত্মঘাতী গোলেই আর্জেন্টিনার ব্যবধান বেড়ে দাঁড়ায় ২-০।
ম্যাচের ১২ মিনিট পূর্ণ হওয়ার আগেই জাতীয় দলের হয়ে নিজের প্রথম গোলের দেখা পান জিয়ানলুকা প্রেস্তিয়ানি। ডি-বক্সে ঢুকে প্রতিপক্ষের খেলোয়াড়দের কোনো সুযোগ না দিয়ে জোরালো শটে বল জালে পাঠান তিনি। এর মধ্য দিয়ে বুরকিনা ফাসোর বিপক্ষে গোল করে আর্জেন্টিনার জার্সিতে নিজের গোলের খাতা খুললেন প্রেস্তিয়ানি।
কয়েক দিন আগে বলিভিয়ার বিপক্ষে খালি জায়গা খুঁজে নিয়ে যেভাবে গোল করেছিলেন, বুরকিনা ফাসোর বিপক্ষেও ঠিক সেভাবেই চতুর্থ গোলটি করেন নিকো পাস। এরপর দলের পঞ্চম গোলটি করেন হুলিয়ান আলভারেজ। ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত গোলের পর জাতীয় দলের হয়ে এটি ছিল তার আরেকটি গোল।
দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নেমে ওয়ান-অন-ওয়ান সুযোগ কাজে লাগিয়ে আর্জেন্টিনার হয়ে নিজের প্রথম গোল করেন ফ্রাঙ্কো মাস্তানতুওনো। আর ইনজুরি সময়ের তৃতীয় মিনিটে সপ্তম গোলটি যোগ করেন জিউলিয়ানো সিমিওনে।
amardesh24.com









