ঢাকা রোড এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়।
আজ সোমবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ এ অভিযান পরিচালনা করেন।
অভিযান সূত্রে জানা যায়, ঢাকা রোড এলাকার মেসার্স লিটন ফল ভান্ডারকে ফলের মূল্যতালিকা প্রদর্শন না করা, অতিরিক্ত মূল্যে ফল বিক্রি ও মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই এলাকায় মূল্যতালিকা না থাকায় মেসার্স রানা ফল ভান্ডারকে ৩ হাজার টাকা, মেসার্স শহিদ ফল ভান্ডারকে ৩ হাজার টাকা এবং মেসার্স রতন ফল ভান্ডারকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
পরবর্তীতে ভায়না মোড় এলাকার ‘মেসার্স ফুডি চয়েস’ নামের একটি কনফেকশনারিতে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ কেক ও তারিখবিহীন খাদ্যপণ্য বিক্রির অপরাধে ৩ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত মালামাল ধ্বংস করা হয়।
অভিযানে মাগুরা জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. ফয়েজুল কবির এবং জেলা আনসার ব্যাটালিয়নের একটি দল সহযোগিতা করে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, জনস্বার্থে বাজার মনিটরিং ও এমন তদারকি অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
amardesh24.com









