রিকশাচালক আল আমিনকে গুম ও হত্যার মামলায় সাবেক সংসদ সদস্য নাঈমুজ্জামান ভূইয়াকে গ্রেফতার করেছে পুলিশ।আজ মঙ্গলবার সকালে পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের কাজীপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় নাঈমুজ্জামান ভূইয়ার অবস্থান শনাক্ত করা হয়। পরে তাকে গ্রেফতারে পঞ্চগড় জেলা গোয়েন্দা শাখা (ডিবি), পঞ্চগড় সদর, আটোয়ারী ও তেঁতুলিয়া থানা পুলিশের সমন্বয়ে একটি বিশেষ দল গঠন করা হয়। কুইক রেসপন্স টিমসহ পুলিশের একাধিক দল আটোয়ারী, তেঁতুলিয়া ও পঞ্চগড় সদর এলাকায় একযোগে অভিযান চালায়। এরই ধারাবাহিকতায় কাজীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, নাঈমুজ্জামান ভূইয়া আল আমিন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার সকালে তাকে পঞ্চগড়ের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেনের আদালতে হাজির করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট পঞ্চগড়ে গণঅভ্যুত্থানে অংশ নেওয়ার পর রিকশাচালক আল আমিন নিখোঁজ হন। পরে তাকে গুম ও হত্যার অভিযোগে তার বাবা মনু মিয়া ২০২৪ সালের ১০ নভেম্বর পঞ্চগড় সদর থানায় মামলা করেন। মামলায় পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য নাঈমুজ্জামান ভূইয়াসহ ১৯ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করা হয়।
পঞ্চগড় সদর থানার ওসি (তদন্ত) আশীষ কুমার শীল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
amardesh24.com









