আন্তর্জাতিক ডেস্ক।
মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের ঘোষণা দিয়েছে সরকার। একই সঙ্গে অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে মালয়েশিয়ায় যেতে আগ্রহী বাংলাদেশিদের আবেদন করার আহ্বান জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।আজ বৃহস্পতিবার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মালয়েশিয়ায় যেতে আগ্রহী কর্মীরা তালিকাভুক্ত ও অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে যাওয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। পাশাপাশি অনুমোদিত মেডিকেল সেন্টার থেকে স্বাস্থ্য পরীক্ষা করানোর সুযোগ পাবেন তাঁরা।
কোনো নির্দিষ্ট মেডিকেল সেন্টারকে এককভাবে স্বাস্থ্য পরীক্ষা পরিচালনার সুযোগ দেওয়া হবে না। কর্মীরা যাতে সহজে, স্বচ্ছ প্রক্রিয়ায় এবং একচেটিয়া নিয়ন্ত্রণ ছাড়াই মালয়েশিয়ায় যেতে পারেন, তা নিশ্চিত করা হবে।
মন্ত্রণালয় জানিয়েছে, কর্মী নিয়োগ প্রক্রিয়ার প্রথম ধাপে মালয়েশিয়ার কর্তৃপক্ষের অনুমোদন পাওয়া সব বৈধ ও যোগ্য রিক্রুটিং এজেন্সি দেশটির শ্রমবাজার থেকে নিজ উদ্যোগে নিয়োগ চাহিদাপত্র বা জব অর্ডার সংগ্রহ করতে পারবে।
দ্বিতীয় ধাপে কর্মী নির্বাচন করতে হবে। যে এজেন্সি জব অর্ডার সংগ্রহ করবে, তারা বাংলাদেশের প্রচলিত আইন ও বিধি অনুসরণ করে নিজেদের কর্মী নির্বাচন ও নিয়োগ কার্যক্রম পরিচালনা করতে পারবে। অর্থাৎ, কর্মী সংগ্রহ ও নির্বাচনের দায়িত্ব সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সির কাছেই থাকবে।
তৃতীয় ধাপে মালয়েশিয়ার প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কলিং ভিসা, ই-ভিসা এবং অন্যান্য নির্ধারিত সরকারি প্রক্রিয়া সম্পন্ন করার ক্ষেত্রে সরকারি রিক্রুটিং এজেন্সি বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) এবং তালিকাভুক্ত অন্য ২৫টি প্রসেসিং সার্ভিস এজেন্সি প্রয়োজনীয় সহায়তা দেবে।চতুর্থ ধাপে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর পরিচালনা করবে।
এ ক্ষেত্রে মালয়েশিয়ার কর্তৃপক্ষের অনুমোদন পাওয়া প্রতিটি বৈধ ও যোগ্য রিক্রুটিং এজেন্সি নিজস্ব নিয়োগ লাইসেন্সের মাধ্যমেই তাদের কর্মীদের বিএমইটি ছাড়পত্র নিতে পারবে। অর্থাৎ, যে এজেন্সি জব অর্ডার সংগ্রহ করবে এবং কর্মী নির্বাচন করবে, সেই এজেন্সিই নিজস্ব লাইসেন্সের অধীনে কর্মীদের সরকারি ছাড়পত্রের কার্যক্রম সম্পন্ন করতে পারবে।
অন্যদিকে, বোয়েসেল এবং তালিকাভুক্ত অন্য ২৫টি প্রসেসিং সার্ভিস এজেন্সি প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করার কাজে সহায়তা করবে। বিএমইটির ছাড়পত্রের জন্য তারা অনুমোদিত রিক্রুটিং এজেন্সিকে অনাপত্তিপত্র (এনওসি) দিতে পারবে।মন্ত্রণালয়ের মতে, এ ব্যবস্থার মাধ্যমে প্রতিটি রিক্রুটিং এজেন্সির নিজস্ব দায়িত্ব, জবাবদিহি ও ব্যবসায়িক স্বাধীনতা বজায় থাকবে।
amardesh24.com









