রাজধানী কায়রোর পশ্চিমে বড় ট্রাকের সঙ্গে পর্যটকবাহী বাসের সংঘর্ষে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৪ জন। নিহত ও আহত ব্যক্তিরা সবাই দেশি-বিদেশি পর্যটক।
গতকাল মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত দৈনিক আল-আহরাম। প্রতিবেদনে বলা হয়, কায়রো-আসিয়ুত পশ্চিম মরুভূমি মহাসড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।
এএফপির এক সংবাদদাতা জানিয়েছেন, দুর্ঘটনার পর মহাসড়ক থেকে বাস ও ট্রাকের ধ্বংসাবশেষ সরানোর কাজ করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ক্রেনের সাহায্যে বড় বাসটি সরিয়ে নেওয়া হয়েছে। সংঘর্ষে বাসটির সামনের পুরো অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। সেখানে দুমড়েমুচড়ে যাওয়া ইস্পাত ও বিভিন্ন ধ্বংসাবশেষ ছড়িয়ে-ছিটিয়ে ছিল।
এএফপির সংবাদদাতা আরও জানান, রাস্তার পাশে যাত্রীদের আসনগুলো ছড়িয়ে-ছিটিয়ে পড়ে ছিল। ট্রাকের পেছনের অংশেও বাসের ধ্বংসাবশেষ দেখা গেছে।
আল-আহরামের প্রতিবেদন অনুযায়ী, আহত ব্যক্তিদের গিজার একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মিসরে সড়ক দুর্ঘটনা প্রায়ই ঘটে। বেপরোয়া গাড়ি চালানো, যানবাহনের দুর্বল রক্ষণাবেক্ষণ এবং আইন প্রয়োগে শিথিলতাকে এসব দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে বিবেচনা করা হয়। দেশটির রাষ্ট্রীয় পরিসংখ্যান সংস্থার তথ্য অনুযায়ী, গত বছর সড়ক দুর্ঘটনায় প্রায় ৬ হাজার মানুষের মৃত্যু হয়েছে।
গত সেপ্টেম্বরে সিনাই অঞ্চলে একটি বাস দুর্ঘটনায় ১০ জন জর্ডানি পর্যটকসহ মোট ২২ জন নিহত হন। এর আগে গত আগস্টে উত্তর মিসরে কৃষিশ্রমিক বহনকারী দুটি পিকআপ ট্রাকের সংঘর্ষে অন্তত ১৮ জন নিহত হন। নিহতদের মধ্যে কয়েকজন শিশুও ছিল।
amardesh24.com







