বিনোদন ডেস্ক।
চলচ্চিত্রজগৎ জয় করে বলিউডেও নিজের অবস্থান শক্ত করেছেন রাশমিকা মান্দানা। গত কয়েক বছরে বক্স অফিসে সফল অভিনেত্রীদের তালিকায় উঠে এসেছে তার নাম। তবে সাফল্যের পাশাপাশি সমালোচনাও পিছু ছাড়েনি এই অভিনেত্রীর।
কখনো উচ্চারণের সীমাবদ্ধতা, আবার কখনো অভিনয়ের দুর্বলতা নিয়ে সমালোচনার মুখে পড়েছেন রাশমিকা। নেটিজেনদের একাংশের কাছে তিনি ‘জাতীয় ক্রাশ’ হিসেবে পরিচিত। অন্যদিকে, তাকে কটাক্ষ করতেও পিছপা হন না অনেকে। এবার এসব সমালোচনা নিয়ে খোলামেলা কথা বলেছেন ‘এনিম্যাল’ অভিনেত্রী।
সম্প্রতি ‘কফি উইথ করণ’-এর নবম মৌসুমের একটি পর্বে স্বামী ও অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে অতিথি হিসেবে উপস্থিত হন রাশমিকা। সেখানে তার কাছে সমালোচনার বিষয়ে জানতে চাওয়া হয়।
জবাবে রাশমিকা বলেন, ‘সিনেমায় কাজ শুরু করার পর থেকেই কোনো না কোনো কারণে আমাকে সমালোচনা বা নিন্দার শিকার হতে হচ্ছে। কখনো আমার অভিনয়, কখনো ভাষা, কখনো উচ্চারণ নিয়ে কথা হয়েছে। কিন্তু আমি কখনোই নিজের জন্য কোনো সীমারেখা টানতে চাইনি। শুধু একটি ইন্ডাস্ট্রিতেই নয়, সব ইন্ডাস্ট্রিতে কাজ করতে চেয়েছি। শুধু একটি ভাষায় কথা বলতে চাইনি, সব ভাষায় কথা বলতে চেয়েছি।’
‘পুষ্পা’ অভিনেত্রী আরও বলেন, ‘ক্যারিয়ারের শুরু থেকেই আমি নানা ধরনের সিনেমায় কাজ করেছি। তাই এখন যখন ‘এনিম্যাল’ ও ‘দ্য গার্লফ্রেন্ড’-এর মতো দারুণ দুটি সিনেমার অংশ হতে পারি, একজন অভিনেত্রী হিসেবে অনেক তৃপ্তি পাই। কারণ, আমি সব ধরনের চরিত্রেই অভিনয় করতে পারছি। দুইটা সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকের সিনেমা। অথচ আমি দুটিতেই অভিনয় করেছি। আমি ঠিক এটাই চেয়েছিলাম।’
রাশমিকার হিন্দি উচ্চারণ নিয়েও দীর্ঘদিন ধরে সমালোচনা চলছে। ‘থামা’, ‘ককটেল ২’ কিংবা ‘সিকান্দার’ প্রতিটি সিনেমাতেই তার হিন্দি উচ্চারণ নিয়ে আলোচনা হয়েছে। অনেকের মতে, তার কথায় দক্ষিণ ভারতীয় টান স্পষ্ট।
amardesh24.com









