স্পোটস ডেস্ক।
আর্জেন্টিনা ফুটবল দলের কোচ লিওনেল স্কালোনির সঙ্গে নতুন চুক্তি করতে যাচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। নতুন চুক্তি অনুযায়ী, ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত তাঁর দায়িত্বে থাকার সম্ভাবনা রয়েছে।
চুক্তির বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তবে আর্জেন্টিনার সংবাদমাধ্যমগুলোর খবর অনুযায়ী, চুক্তি চূড়ান্ত হতে এখন শুধু স্বাক্ষর বাকি। টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, দুই পক্ষের আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে। নভেম্বরে ফিফার আন্তর্জাতিক বিরতিতে চুক্তিটি চূড়ান্ত হতে পারে।
আর্জেন্টিনার সংবাদমাধ্যম লা নাসিওনকে এএফএ সভাপতি ক্লদিও তাপিয়ার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ‘কয়েক সপ্তাহ আগেই স্কালোনির বিষয়টি চূড়ান্ত হয়ে গেছে।’ তবে একই সংবাদমাধ্যমকে এএফএর আরেকটি সূত্র জানিয়েছে, কোচের সঙ্গে একটি ‘সম্ভাব্য’ চুক্তি হচ্ছে, কিন্তু নতুন চুক্তির মূল রূপরেখা এখনো চূড়ান্ত হয়নি।
লা নাসিওন আরও জানিয়েছে, সর্বশেষ আন্তর্জাতিক বিরতিতে ৪৮ বছর বয়সী স্কালোনির নতুন চুক্তির বিষয়ে এএফএ আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। এর কারণ ছিলেন লিওনেল মেসি। জাতীয় দলের হয়ে বিদায়ী ম্যাচ খেলার সময় সব আলো ছিল মেসিকে ঘিরে। স্কালোনিকে পরবর্তী বিশ্বকাপ পর্যন্ত দায়িত্বে রাখার বিষয়ে ঘোষণা দিয়ে মেসির বিদায়ের মুহূর্তকে আড়াল করতে চায়নি এএফএ।
amardesh24.com









