কাজী জাহাঙ্গীর: চট্রগ্রাম।
লকসামে লাইনচ্যুত চট্টগ্রাম থেকে ঢাকাগামী ‘কর্ণফুলী কমিউটার’ ট্রেনের ইঞ্জিন ও চারটি বগি দীর্ঘ ১৬ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোর চারটার দিকে রিলিফ ট্রেনের সহায়তায় উদ্ধারকাজ সম্পূর্ণ হয়। তবে লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় রেললাইন সংস্কার ও কারিগরি কাজ শেষ না হওয়া পর্যন্ত ওই রুটে ট্রেন চলাচল পুরোপুরি স্বাভাবিক হতে কিছুটা বিলম্ব ঘটে।
চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মো. মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, দুপুরের আগেই ক্ষতিগ্রস্ত লাইনটি মেরামত করে স্বাভাবিক ট্রেন চলাচলের উপযোগী করার লক্ষ্যে কাজ অব্যাহত রয়েছে।
এর আগে গত বুধবার সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রাম থেকে আসা রিলিফ ট্রেন উদ্ধার তৎপরতা শুরু করে। প্রাথমিক জটিলতার কারণে দুর্ঘটনার সাড়ে পাঁচ ঘণ্টা পর উদ্ধারকাজ শুরু হয় এবং তা শেষ হতে প্রায় ১০ ঘণ্টা সময় লাগে।
দুর্ঘটনার পেছনে কোনো অবহেলা বা কারণ রয়েছে কি না, তা অনুসন্ধানে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। চট্টগ্রাম বিভাগীয় পরিবহন কর্মকর্তা ফারহান মাহমুদকে প্রধান করে গঠিত এই কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে দায়িত্বে অবহেলার অভিযোগে ফেনীর জ্যেষ্ঠ উপসহকারী প্রকৌশলী মো. গোলাম সারোয়ারকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
গত বুধবার দুপুর পৌনে ১টার দিকে লাকসামের নাওটি স্টেশনসংলগ্ন আজগরা এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী কর্ণফুলী কমিউটার ট্রেনটি আচমকা লাইনচ্যুত হয়ে পড়ে। এতে ট্রেনের ইঞ্জিনের পাশাপাশি চারটি বগি লাইন ছিটকে যায় এবং ঢাকা-চট্টগ্রাম ও সংশ্লিষ্ট রুটে ট্রেন চলাচলে চরম বিঘ্ন ঘটে।
amardesh24.com







