আন্তর্জাতিক ডেস্ক।
আন্তঃরাষ্ট্রীয় অপরাধ দমনে ১০ দিনের অভিযানে বাংলাদেশসহ ২০ দেশের ৭২১ জন বিদেশি নাগরিককে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে কম্বোডিয়া সরকার। বহিষ্কৃতদের মধ্যে ৯৫ জন নারী রয়েছেন। আজ বৃহস্পতিবার খেমার টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী সার সোখা এবং অভিবাসন বিভাগের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল সোক ভেসনার নির্দেশে তদন্ত ও পদ্ধতি বিভাগ এই বহিষ্কার কার্যক্রম সম্পন্ন করে। ১০ দিনে ইন্দোনেশিয়া, চীন, বাংলাদেশ, ফিলিপাইন, নাইজেরিয়া, পাকিস্তান, ক্যামেরুন, জাপান, ঘানা, তাইওয়ান, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, উগান্ডা, ভারত, মিয়ানমার, ফ্রান্স, লাইবেরিয়া, সুইজারল্যান্ড, উজবেকিস্তান ও যুক্তরাষ্ট্রের নাগরিকদের ফেরত পাঠানো হয়েছে।
অনলাইন প্রতারণায় জড়িত থাকার অভিযোগে বিশেষ বিমানে ৯০ জন চীনা নাগরিককে এবং টেকো আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে ৩৫৫ জন ইন্দোনেশীয় নাগরিককে ফেরত পাঠানো হয়। বাকিদের অবৈধভাবে সীমান্ত পারাপার, জাল কাগজপত্র, পাসপোর্ট ছাড়া অবস্থান, অপহরণ ও চাঁদাবাজি, ভুয়া ভিসা বা কিউআর কোড ব্যবহার, মাদক কারবার এবং অবৈধ কর্মসংস্থানসহ বিভিন্ন অপরাধে আন্তর্জাতিক সীমান্ত তল্লাশিচৌকি দিয়ে বহিষ্কার করা হয়।
দেশটির প্রধানমন্ত্রী হুন মানেত স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কম্বোডিয়াকে অপরাধ বা অনলাইন প্রতারণার কেন্দ্রে পরিণত হতে দেওয়া হবে না। জাতীয় নিরাপত্তা রক্ষায় সব ধরনের অপরাধে জড়িত ব্যক্তিদের কোনো ব্যতিক্রম ছাড়াই ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছেন তিনি।
amardesh24.com









