ইসলাম ডেস্ক।
পবিত্রতা অর্জন করা আবশ্যক, আর নামাজের আগে অজু করা পবিত্রতা অর্জনের অন্যতম উপায়। তবে দৈনন্দিন প্রয়োজনে শরীর থেকে রক্ত বের হলে অজু বহাল থাকে কি না, তা নিয়ে অনেকের মনে প্রশ্ন দেখা দেয়।
চিকিৎসার প্রয়োজনে রক্ত পরীক্ষা, ডায়াবেটিসের মাত্রা নির্ণয় কিংবা অন্য কোনো কারণে সিরিঞ্জের মাধ্যমে শরীর থেকে রক্ত নেওয়া হলে অজু ভেঙে যায় কি না, তা নিয়ে অনেকে দ্বিধায় পড়েন। এমন পরিস্থিতিতে আগের অজু দিয়ে নামাজ আদায় করা যাবে, নাকি নতুন করে অজু করতে হবে, সে বিষয়ে স্পষ্ট ধারণা থাকা জরুরি।
ইসলামী শরিয়তের বিধান অনুযায়ী, শরীর থেকে বের হওয়া রক্তের পরিমাণের ওপর অজু ভাঙা না ভাঙার বিষয়টি নির্ভর করে।
এ বিষয়ে ঢাকা থেকে প্রকাশিত ইসলামী গবেষণা পত্রিকা মাসিক আল কাউসারে বলা হয়েছে, শরীরের যে কোনো স্থান থেকে এমন পরিমাণ রক্ত বের হলে, যা গড়িয়ে পড়তে পারে, তাহলে অজু নষ্ট হয়ে যায়। রক্ত বের হওয়ার পর বাস্তবে গড়িয়ে না পড়লেও যদি তা গড়িয়ে পড়ার মতো পরিমাণে হয়, তাহলেও অজু ভেঙে যাবে। অর্থাৎ, শরীর থেকে বের হওয়া রক্তের পরিমাণই এ ক্ষেত্রে বিবেচ্য।
সিরিঞ্জের মাধ্যমে রক্ত নেওয়ার ক্ষেত্রেও একই বিধান প্রযোজ্য। সিরিঞ্জ দিয়ে এমন পরিমাণ রক্ত বের করা হলে, যা স্বাভাবিকভাবে বের হলে গড়িয়ে পড়ত, তাহলে অজু ভেঙে যাবে। এ অবস্থায় নামাজ আদায়ের আগে নতুন করে অজু করতে হবে। তবে রক্তের পরিমাণ এত কম হলে যে তা গড়িয়ে পড়ার মতো নয়, তাহলে শুধু এ কারণে অজু নষ্ট হবে না।
amardesh24.com









