আন্তর্জাতিক ডেস্ক।
জ্বালানি তেলের দাম বেড়ে ব্যারেলপ্রতি ১১৫ ডলার অতিক্রম করেছে, সৌদি আরবের জ্বালানি অবকাঠামোয় ইয়েমেনের হুতি বিদ্রোহীদের নতুন হামলার দাবি এবং হরমুজ প্রণালিকে ঘিরে বাড়তে থাকা উত্তেজনায় আন্তর্জাতিক বাজারে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
এশিয়ার বাজারে দিনের প্রাথমিক লেনদেনে আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ৮৬ সেন্ট বা ০.৭৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১১৫ দশমিক ৭৪ ডলারে পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৭২ সেন্ট বা ০.৭১ শতাংশ বেড়ে ১০২ দশমিক ৭২ ডলারে দাঁড়িয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ব্রেন্ট ও ডব্লিউটিআই উভয় ধরনের অপরিশোধিত তেলের দাম টানা চতুর্থ মাসের মতো বাড়তে পারে। অক্টোবর মাসে ব্রেন্টের মূল্য প্রায় ১৪ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম প্রায় ১৫ শতাংশ বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে।
সাম্প্রতিক এই মূল্যবৃদ্ধির পেছনে অন্যতম কারণ হিসেবে সৌদি আরবের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনায় হামলার খবর উঠে এসেছে। ইয়েমেনের হুতি বাহিনীর দাবি, তারা সৌদি আরবের রস তানুরা ও রাবিগ তেল শোধনাগার এবং রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর আবকাইক স্থাপনায় হামলা চালিয়েছে।
এদিকে, ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, হরমুজ প্রণালির দক্ষিণে অনুমোদনহীন একটি নৌপথ দিয়ে চলাচলের সময় তিনটি তেলবাহী ট্যাংকার সমুদ্রের মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। এতে জাহাজগুলোতে আগুন ধরে যায় বলে দাবি করেছে সংস্থাটি।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিতে নিরাপত্তাঝুঁকি বৃদ্ধি এবং সৌদি আরবের জ্বালানি স্থাপনাগুলোতে হামলার আশঙ্কা আন্তর্জাতিক বাজারে তেল সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। এর প্রভাবে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী রয়েছে।
amardesh24.com








