আমারদেশ২৪ ডেস্ক।
পরাজিত জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেনের বাড়িতে গেছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন। ফুলের তোড়া নিয়ে তাঁর বাড়িতে গিয়ে শুভেচ্ছা জানান তিনি। এ সময় দুই প্রার্থী কোলাকুলি করেন, একে অপরকে মিষ্টিমুখ করান এবং এলাকার উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যয় জানান।
আজ শুক্রবার দুপুরে ঠাকুরগাঁও শহরের হাজীপাড়ায় দেলাওয়ার হোসেনের বাসায় যান মির্জা ফয়সল আমীন। এ সময় বিএনপির স্থানীয় নেতাকর্মীরাও তাঁর সঙ্গে ছিলেন।
সাক্ষাতের শুরুতে দুই নেতা কুশল বিনিময় ও কোলাকুলি করেন। মির্জা ফয়সলকে অভিনন্দন জানিয়ে দেলাওয়ার হোসেন বলেন, ‘বেস্ট অব লাক’। পরে তাঁরা এলাকার উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা করেন।
মির্জা ফয়সল আমীন বলেন, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকলেও পরস্পরের প্রতি সম্মান বজায় রেখে তাঁরা সামনের দিনের কাজ এগিয়ে নিতে চান। জনগণের কাছে দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে দেলাওয়ারের সহযোগিতাও কামনা করেন তিনি।
মির্জা ফয়সল বলেন, ‘আমরা একে অপরকে সম্মান দিয়ে আগামী দিনের কাজগুলো এগিয়ে নেব। কারণ, তুমিও জনগণের সাথে সম্পৃক্ত। আমাদের দুজনেরই নির্বাচনের সময় জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি আছে। তুমি আমার কাজে সাহায্য করবে, আমিও তোমার সহযোগিতা চাই।’
তিনি আরও বলেন, ‘আমি যদি কোনো ভুল করি, তুমি সরাসরি আমাকে জানাবে।’
জবাবে দেলাওয়ার হোসেন ঠাকুরগাঁওয়ের উন্নয়নে পাশে থাকার আশ্বাস দেন। তিনি জানান, এলাকার উন্নয়নে সব সময় মির্জা ফয়সলের সঙ্গে থাকবেন।
সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মির্জা ফয়সল আমীন বলেন, গণতন্ত্রের অন্যতম শর্ত পরমতসহিষ্ণুতা। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও এলাকার স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। ঠাকুরগাঁওয়ের উন্নয়নে দেলাওয়ারের সহযোগিতা চাওয়ার উদ্দেশ্যেই তিনি তাঁর বাড়িতে গিয়েছেন।
amardesh24.com









