আমারদেশ২৪ ডেস্ক।
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) খেলার মাঠে নির্মিত বাণিজ্য মেলার প্রধান অস্থায়ী ফটক ভেঙে বিক্ষোভ কর্মসূচি শেষ করেছেন শিক্ষার্থীরা।আজ সোমবার দুপুর ১টার দিকে ফটক ভাঙার কাজ শেষ করে তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিরে যান।
এর আগে দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী মাঠে প্রবেশ করে মেলার বিভিন্ন স্থাপনা ভাঙচুর শুরু করেন। এ সময় ক্যাম্পাসের দুটি ট্রাক্টর ব্যবহার করে স্থাপনাগুলো ভেঙে ফেলা হয়। এক পর্যায়ে মেলার প্রধান অস্থায়ী প্রবেশ ফটকটিও গুঁড়িয়ে দেন তারা।
বিশ্ববিদ্যালয়ের মাঠ ফেরত পাওয়ার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। তাদের দাবি, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব মাঠে বাণিজ্য মেলাসহ কোনো বাণিজ্যিক আয়োজন করা যাবে না। মাঠটি শিক্ষার্থীদের খেলাধুলা, শিক্ষা ও গবেষণার কাজে উন্মুক্ত রাখতে হবে।

এছাড়া মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের পরিকল্পনা বাতিল এবং কৃষি গবেষণার জন্য মাঠটি প্রস্তুত করার দাবি জানান আন্দোলনকারীরা।
এর আগে গত ২৭ অক্টোবর মাঠে মাটি পরীক্ষার কাজ শুরু হলে শিক্ষার্থীরা বাধা দেন এবং মাটি পরীক্ষার কাজে ব্যবহৃত যন্ত্রপাতি ও দুটি গাড়ি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিয়ে যান।
২৮ অক্টোবর মেলার বিভিন্ন অস্থায়ী স্থাপনা ভাঙচুর করেন তারা। একই দাবিতে কয়েক দফায় সড়ক অবরোধও করা হয়, যার মধ্যে গত ১ নভেম্বর চীন মৈত্রী সিগন্যাল এলাকায় অবরোধের ফলে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
amardesh24.com









