আন্তর্জাতিক ডেস্ক।
ত্রিপুরা রাজ্যে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সদস্যদের ওপর হামলা চালিয়েছেন স্থানীয় বাসিন্দারা, এতে বাহিনীর অন্তত ৩ সদস্য আহত হয়েছেন, এ সময় বিএসএফের একটি গাড়ি ভাঙচুরের পাশাপাশি সদস্যদের আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নেওয়ারও চেষ্টা করা হয়। এ ঘটনায় ৩ নারীসহ অন্তত ৯জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার ভারত ও বাংলাদেশ সীমান্তসংলগ্ন সিপাহীজলা জেলার আশাবাড়ি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত সোমবার চোরাচালানের সন্দেহে বিএসএফ সদস্যরা গ্রামের এক ব্যক্তিকে আটক করে নির্যাতন করেন। কোনো সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ ছাড়াই তাঁকে মারধর করা হয়। এতে ওই ব্যক্তির পায়ের হাড় ভেঙে যায় এবং তিনি গুরুতর আহত হন। এ ঘটনার প্রতিবাদে গ্রামবাসী সড়ক অবরোধ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
একপর্যায়ে বিএসএফের অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট পদমর্যাদার এক কর্মকর্তাসহ কয়েকজন সদস্য গাড়ি নিয়ে অবরোধস্থলে পৌঁছান। তখন ক্ষুব্ধ গ্রামবাসী লাঠিসোঁটা ও বাঁশ নিয়ে তাঁদের ওপর হামলা চালান। এতে অন্তত তিন বিএসএফ সদস্য আহত হন। একই সঙ্গে তাঁদের গাড়ি ভাঙচুর করা হয় এবং আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা চলে।
পরে আহত সদস্যদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পরপরই কালামচৌড়া থানার পুলিশ অভিযান চালিয়ে তিন নারীসহ ৯জনকে গ্রেপ্তার করে। তাঁদের আদালতে হাজির করে রিমান্ডের আবেদন জানিয়েছে পুলিশ। এ ঘটনায় জড়িত আরও অন্তত ১০ জনকে শনাক্ত করা হয়েছে। তাঁদের গ্রেপ্তারে অভিযান চলছে।
amardesh24.com








