তথ্যপ্রযুক্তি।
দেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনলাইনে ইলিশ মাছ বিক্রির নামে প্রতারণায় জড়িত চক্রের আরও দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে চাঁদপুর জেলা পুলিশ, এ নিয়ে চক্রের মোট ১১ জনকে গ্রেপ্তার করা হলো।
আজ বৃহস্পতিবার (০৪ নভেম্বর) সন্ধ্যায় চাঁদপুর জেলা পুলিশের মিডিয়া সেল থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।
পুলিশ জানায়, চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমানের দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল চট্টগ্রামের সন্দ্বীপ থানা পুলিশের সহযোগিতায় এর আগে বুধবার (৩ নভেম্বর) সন্দ্বীপ এলাকায় অভিযান চালায়। অভিযানে নিজ নিজ বাড়ি থেকে শ্রী শান্ত শীল ও মিঠুন সূত্রধর নামের দুইজনকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেপ্তার দুজন চক্রের ফেসবুক পেজের প্রচারণা, পোস্ট বুস্ট এবং ওয়েবসাইট তৈরিতে সহযোগিতা করতেন। এ সময় তাঁদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল ও বেশ কিছু সিম জব্দ করা হয়।
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিয়া নূর জানান, গ্রেপ্তার আসামিদের বুধবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলাটির তদন্ত অব্যাহত রয়েছে।
amardesh24.com









