চট্টগ্রামের প্রথম শহীদ ও ছাত্রদল নেতা মো. ওয়াসিম আকরাম হত্যা মামলার আসামি এ কে এম জিয়াউদ্দিন ওরফে জিয়া রনিকে (এনসিপি) চট্টগ্রাম মহানগর কমিটিতে যুগ্ম আহ্বায়ক পদ দেওয়ায় প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এর প্রতিবাদে নগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে তাঁর গ্রেপ্তারের দাবি জানান সংগঠনটির নেতা-কর্মীরা।
আজ বুধবার চট্টগ্রামে আয়োজিত কর্মসূচিতে ছাত্রদল নেতারা জানান, শহীদ ওয়াসিম হত্যা মামলার আসামিকে রাজনৈতিক পদে স্থান দেওয়া গণ-অভ্যুত্থানের চেতনার সঙ্গে সাংঘর্ষিক। শহীদ ওয়াসিমের বাবা শফিউল আলমও ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে ছেলেকে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত করার বিষয়ে আপত্তি জানান।
অভিযোগের বিষয়ে জিয়া রনি জানান, তিনি একজন জুলাই যোদ্ধা এবং কখনো আওয়ামী লীগের রাজনীতি করেননি। তিনি কেবল চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র আব্দুস সবুর লিটনের বেতনভুক্ত কর্মচারী ছিলেন। এনসিপি না করে বিএনপি করলে এই বিতর্ক হতো না বলে দাবি করেন তিনি।
বিক্ষোভ মিছিলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন, উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকি, দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক রবিউল হোসেন রবিসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
amardesh24.com









