নিউজ ডেস্ক।
নাগেশ্বরীতে ১১,৭০ পিস ইয়াবা ও নগদ টাকাসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় একটি মোটরসাইকেল ও ৪টি মোবাইল ফোন জব্দ করা হয়। গ্রেপ্তারদের মধ্যে মো. রেজাউল করিম রাজুর বিরুদ্ধে বিভিন্ন থানায় ২০টি মাদক মামলা রয়েছে।
গতকাল মঙ্গলবার রাতে নাগেশ্বরী কানিপাড়া বদিজমাপুর গ্রামের রাজুর বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার অন্য দুজন হলেন মো. ফজলে মিয়া ও মো. রাসেল মিয়া। পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে তাঁরা দীর্ঘদিন ধরে বিভিন্ন সীমান্তবর্তী এলাকা ও রাজধানী ঢাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার তথ্য দিয়েছেন।
নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ জানান, সিডিএমএস পর্যালোচনা করে প্রধান আসামি রাজুর বিরুদ্ধে বিভিন্ন থানায় ২০টি মাদক মামলার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আইনি প্রক্রিয়া চলছে।
amardesh24.com









